ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রথম পুনর্মিলন উৎসবের নিবন্ধন কার্যক্রম চলেছে। এগিয়ে চলেছে অন্যান্য প্রস্তুতিও।
আগামী ১৯, ২০ ও ২১ জানুয়ারি এ উৎসবের তারিখ নির্ধারিত রয়েছে।
রোববার আয়োজক কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রস্তুতি কার্যক্রমকে আরো গতিশীল করতে প্রচার ও গণমাধ্যম কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক ছাড়াও কমিটিতে রাখা হয়েছে ৫৮ জন সদস্য ও সহযোগী সদস্য। আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের নবম ব্যাচের ছাত্র এহেছান লেনিনকে।
আয়োজক কমিটির সদস্য সচিব সুশান্ত দাশ গুপ্ত জানান, এ উৎসবের জন্য ইতোমধ্যে অনলাইনে নিবন্ধন শুরু হয়েছে। আমরা ব্যাপক সাড়া পেয়েছি। আশা করছি নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ১২ হাজার ছাড়িয়ে যাবে। সব দিক বিবেচনায় আয়োজনকে আরো গতিশীল করতেই প্রচার ও গণমাধ্যম কমিটি গঠন করা হয়েছে। সবার সঙ্গে আলোচনা করে শিগগিরই অন্যান্য উপকমিটিও ঘোষণা করা হবে।
আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন চলবে বলেও জানান তিনি।
http://www.sustreunion2012.com/register- এই ওয়েব ঠিকানায় যে কেউ প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন করতে পারবেন। আর http://www.sustreunion2012.com/2011/11/updated-draft-program এই ঠিকানায় দেখা যাবে খসড়া অনুষ্ঠান কর্মসূচি। সেখানে মতামতও দেওয়া যাবে।
গত ১৪ নভেম্বর রাজধানীতে বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসে নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. সালেহ উদ্দিন। এর আগে ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ড. ছদরুদ্দিন আহমদ চৌধুরীকে আহ্বায়ক এবং সুশান্ত দাশ গুপ্তকে সদস্য সচিব করে গঠন করা হয় কমিটি। কমিটিতে কোষাধক্ষ্য হিসেবে রয়েছেন ড. নাজিয়া চৌধুরী।
১৯৮৬ সালের ২৫ অগাস্ট প্রতিষ্ঠিত হয় দেশের প্রথম প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাবিপ্রবি। এর প্রায় পাঁচ বছরের মাথায় ১৯৯১ সালের ১৪ ফেব্র“য়ারি তিনটি বিভাগ নিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়।
গত ২০ বছরে এ বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ১৭ হাজারের বেশি শিক্ষার্থী পাস করে কর্মজীবনে প্রবেশ করেছেন বলে আয়োজকরা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১১১৪ ঘ.
bdnews24