২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি শাহজালাল হল প্রাধ্যক্ষের পদত্যাগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এস এম সালামত উল্যা ভুঁইয়া পদত্যাগ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2011, 08:45 AM

Updated : 24 Aug 2022, 04:47 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এস এম সালামত উল্যা ভুঁইয়া পদত্যাগ করেছেন। বুধবার সকালে তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ সফিউল আলমের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দেন। রেজিস্ট্রার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ব্যক্তিগত কারণ দেখিয়ে শাহজালাল হলের প্রাধ্যক্ষ পদত্যাগ করেছেন। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা জানান, চবি'র শাহজালাল হলে গত ২৫ অক্টোবর ছাত্রলীগ ও ইসলামী ছাত্র শিবিরের মধ্যকার ধাওয়া-পাল্টা ধাওয়া এবং পরবর্তী ঘটনার পরিপ্রেক্ষিতেই প্রাধ্যক্ষের এ সিদ্ধান্ত। গত ২৫ অক্টোবর রাতে শাহজালার হলে অনাবাসিক এক ছাত্রের অবস্থানকে কেন্দ্র করে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এরপর ভোররাতে হলে তল্লাশি চালিয়ে ৩২ শিবিরকর্মীকে আটক করে পুলিশ। পর দিন ২৬ অক্টোবর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে করা একটি মামলায় আটককৃতদের মধ্যে ২৮ শিবিরকর্মীকে গ্রেপ্তার দেখানো হয়। ২৮ জনের মধ্যে ২৬ শিবিরকর্মী গত ১২ নভেম্বর জামিনে মুক্তি পায়। পরদিন ১৩ নভেম্বর বিকালে শাহাজালাল হলে উঠতে চায় তারা। তখন ছাত্রলীগের বিরোধিতার কারণে তারা হলে উঠতে পারেনি। বিষয়টি ছাত্র শিবিরের পক্ষ থেকে প্রাধ্যক্ষ সালামত উল্যাহকে জানানো হয়। এ বিষয়ে প্রাধ্যক্ষ বুধবার তার সিদ্ধান্ত জানানোর কথা ছিলো। সে সিদ্ধান্ত জানানোর আগেই বুধবার সকালে পদত্যাগ করলেন প্রাধ্যক্ষ সালামত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/এমআই/১৪৪১ ঘ.