ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পুনর্মিলন উৎসবের নিবন্ধন করা যাবে অনলাইনেও।
আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলবে বলে জানিয়েছে আয়োজক কমিটি।
আয়োজক কমিটির সদস্য সচিব সুশান্ত দাশ গুপ্ত জানান, অনলাইন ও অফলাইন দুই ভাবেই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা নিবন্ধিত হতে পারবেন। তবে অনলাইনে করা হলে কাজটা অনেক সহজ হবে।
এর আগে শুক্রবার রাজধানীতে বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসে এক সাধারণ সভায় নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ উদ্দিন।
প্রতিষ্ঠার ২০ বছর পর প্রথমবারের মতো আগামী ১৯, ২০ ও ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে এ পুনর্মিলন।
ব্যক্তিগত পর্যায়ে অংশগ্রহণের জন্য নিবন্ধন ফি ১০০০ টাকা এবং দম্পতি ১৫০০ টাকা। তবে শিশুদের জন্য কোনো নিবন্ধন ফি লাগবে না। এ ছাড়া বিদেশে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য অনলাইন ফি ৪০ ডলার (দম্পতি) ও ৩০ ডলার (ব্যক্তিগত)।
http://www.sustreunion2012.com/register- এই ওয়েব ঠিকানায় যে কেউ প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধিত হতে পারবেন।
গত ২৮ অক্টোবর সিলেটে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রথম উপাচার্য ড. ছদরুদ্দিন আহমদ চৌধুরীকে আহ্বায়ক এবং সুশান্ত দাশগুপ্তকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়। কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন ড. নাজিয়া চৌধুরী।
১৯৮৬ সালের ২৫ অগাস্ট প্রতিষ্ঠিত হয় দেশের প্রথম প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাবিপ্রবি। এর প্রায় পাঁচ বছরের মাথায় ১৯৯১ সালের ১৪ ফেব্র"য়ারি তিনটি বিভাগ নিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/১৬৫৪ ঘ.
bdnews24