২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম মেডিকেল বন্ধ, রাজনীতি নিষিদ্ধ

ছাত্রলীগের পিটুনিতে আহত এক শিক্ষার্থীর মৃত্যুর পর চট্টগ্রাম মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। ক্যাম্পাসে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2011, 05:51 AM

Updated : 24 Aug 2022, 04:37 PM

চট্টগ্রাম, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের পিটুনিতে আহত এক শিক্ষার্থীর মৃত্যুর পর চট্টগ্রাম মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। ছাত্র সংসদের কার্যক্রম স্থগিত করার পাশাপাশি ক্যাম্পাসে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড। শুক্রবার গভীর রাতে অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত হয় বলে কলেজ অধ্যক্ষ অধ্যাপক সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। তিনি বলেন, "উদ্ভূত পরিস্থিতিতে কলেজ অনির্দিষ্টকালের জন বন্ধ করে শিক্ষার্থীদের সকাল ৭টার মধ্যে হলত্যাগের নির্দেশ দেওয়া হয়। শিক্ষার্থীরা সকালেই ছাত্রাবাস ত্যাগ করতে শুরু করে।" চট্টগ্রাম মেডিকেলের বিডিএস কোর্সের তৃতীয় বর্ষের ছাত্র মো. আবিদুর রহমান গত মঙ্গলবার ছাত্রলীগ কর্মীদের পিটুনিতে আহত হন। শুক্রবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কলেজ ছাত্রদলের নেতারা বলছেন, আবিদ ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন। ক্যাম্পাসে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম শুরুর চেষ্টা করায় ছাত্রলীগ নেতা-কর্মীরা তাকে পিটিয়ে আহত করে। কলেজ ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটির সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্যাম্পাসে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম শুরু করতে যাওয়ায় আবিদ, ফয়সাল, নাজিম ও মাসুমকে মঙ্গলবার দুপুরে ছাত্র সংসদে আটকে রেখে মারধর করে ছাত্রলীগ নেতা-কর্মীরা। "ওই অবস্থায় তাকে ছাত্রবাসে নিয়ে বিনা চিকিৎসায় বিকাল পর্যন্ত আটকে রাখা হয়। পরে ওইদিন বিকালে হাসপাতালের ক্যাজুয়ালটিতে ফেলে রাখা হয় আবিদকে। পরে তাকে বাইরে নিয়ে সার্জিস্কোপ ক্লিনিকে ভর্তি করা হয়েছিল। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় ওই রাতেই তাকে আবার মেডিকেলে এনে আইসিইউতে ভর্তি করা হয়।" রাত ৮টার দিনে সেখানেই মারা যান কক্সবাজার জেলার চকরিয়ার বাসিন্দা নুরুল কবিরের ছেলে আবিদ। অবশ্য পাঁচলাইশ থানার ওসির দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে মারধর করা হয়েছিল আবিদকে। কলেজ অধ্যক্ষ অধ্যাপক সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কি কারণে কারা আবিদকে মারধর করেছে তা আমরা জানি না। এটা পুলিশ খতিয়ে দেখছে।" আবিদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শুক্রবার রাতে মেডিকেল ক্যাম্পাসে উত্তেজনার সৃষ্টি হয়। এরপর গভীর রাতে জরুরি বৈঠকে বসে অ্যাকাডেমিক কাউন্সিল। উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন পর্যন্ত নিয়ন্ত্রণে রয়েছে। আবিদের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, "পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ করা হয়নি। আজ (শনিবার) দুপুরে আবিদের দাফন হলে তারপর হয়তো উনারা আসবেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১২৫০ ঘ.