২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিপ্রবি: ক্যাম্পাসে ফিরলেন শিক্ষার্থীরা

দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তির আশ্বাস পেয়ে প্রায় দুই ঘণ্টা পর সিলেট-সুনামগঞ্জ সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2011, 09:01 AM

Updated : 24 Aug 2022, 04:34 PM

শাহজালাল বিশ্ববিদ্যালয়, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তির আশ্বাস পেয়ে প্রায় দুই ঘণ্টা পর সিলেট-সুনামগঞ্জ সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। দুই শিক্ষার্থীকে পুলিশের মারধরের প্রতিবাদে দুপুরে তারা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকেও তালা ঝুলিয়ে দেওয়া হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, রোববার গভীর রাতে মদিনা মার্কেট এলাকায় পেট্রোলিয়াম জিওরিসোর্স বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মারুফুর রহমান ও সাব্বির সিদ্দিক চা খেতে বের হলে এক উপপরিদর্শকের নেতৃত্বে তিন কনস্টেবল তাদের মারধর করেন। ঘটনার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা সোমবার দুপুর ১২টার দিকে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়ে দোষীদের শাস্তি নিশ্চিতে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। জবাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করে। তবে দুপুর ১টা পর্যন্ত কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে কয়েকশ' শিক্ষার্থী বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা সিলেট-ঢাকা সড়কে টায়ার জালিয়ে অবরোধ সৃষ্টি করে। সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র নাজিম হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কর্তৃপক্ষ এক ঘণ্টার মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছিলো। তাদের নিস্ক্রিয়তার কারণে আমরা পথে নামতে বাধ্য হয়েছি। ওই চার পুলিশ সদস্যের শাস্তিও দাবি করেন তিনি। পরে পৌনে ৩টার দিকে মহানগর পুলিশ এক ঘণ্টার মধ্যে দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে আন্দোলনরত শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। এর আগে প্রক্টর এস এম সাইফুল ইসলাম জানিয়েছিলেন, বিষয়টির দায়িত্ব মহানগর পুলিশকে দেওয়া হয়েছে। তারা সুষ্ঠু সমাধানের আশ্বাস দিয়েছেন। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার এম জলিল জানান, ওই চার পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ফিরিয়ে নেওয়া হয়েছে। তদন্ত করে এক ঘণ্টার মধ্যে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৪৪৯ ঘ.