জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই বিভাগের ছাত্রীদের কথা কাটাকাটির জের ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুটি পক্ষের পাল্টাপাাল্টি হামলায় আটজন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে সেলিম আল দীন মুক্তমঞ্চের কাছে আলবেরুণী ও শহীদ সালাম বরকত হল শাখা ছাত্রলীগ কর্মীরা মীর মশাররফ হোসেন হলের ছাত্রলীগ কর্মীদের ওপর হামলা চালায়।
এ সময় মুক্তমঞ্চে জাহাঙ্গীরনগর থিয়েটারের আয়োজনে সমাপনী অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। হামলায় ছাত্রলীগের চার কর্মীসহ সাধারণ এক ছাত্রী আহত হয়।
আহতরা হলেন- আসাদ (ভূগোল ও পরিবেশ, ৩৯ ব্যাচ), রহমান (পরিবেশ বিজ্ঞান, ৪০ ব্যাচ), পলাশ (ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ৩৯ ব্যাচ), রেজা (অর্থনীতি, ৩৫ ব্যাচ) ও সুরাইয়া আক্তার বাবলী (দর্শন, ৩৯ ব্যাচ)।
এদের মধ্যে আসাদ, রহমান ও পলাশকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়।
এর আগে বিকাল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ ভবনের কাছে টারজান পয়েন্ট এলাকায় আল বেরুণী হলের (বর্ধিত ভবন) দুইজন ও আ ফ ম কামাল উদ্দিন হলের এক ছাত্রলীগ কর্মীকে মারধর করে মীর মশাররফ হোসেন হলের কর্মীরা।
এ সময় আহত হন- হাসিনুর রহমান মুন্সি শামিম (নৃ বিজ্ঞান বিভাগ, ৩৬তম ব্যাচ), মঞ্জুর হোসেন (নৃ বিজ্ঞান বিভাগ, ৩৬তম ব্যাচ), আ ফ ম কামাল উদ্দিন হলের রিয়াজ হোসেন (নৃ বিজ্ঞান বিভাগ, ৩৬তম ব্যাচ)।
তারা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, বুধবার দুপুরে বাসে আসন সংরক্ষণ নিয়ে নৃ বিজ্ঞান বিভাগের ৩৬তম ব্যাচের এক ছাত্রীর সঙ্গে ব্যাবসায় প্রশাসন বিভাগের ৩৯ তম ব্যাচের তিন ছাত্রীর কথা কাটাকাটি হয়।
পরে মীর মশাররফ হোসেন হলের ছাত্রলীগ কর্মী দেলোয়ার হোসেন সোহেল আল বেরুনী হলের কর্মী মঞ্জুরকে বলে, ৩৯তম ব্যাচের ছাত্রীদের কাছে ৩৬তম ব্যাচের ওই ছাত্রীকে ক্ষমা চাইতে হবে।
এ নিয়ে বাক বিতণ্ডা শুরু হলে সোহেলসহ মীর মশাররফ হোসেন হলের প্রায় ২০ জন কর্মী মঞ্জুর ও রিয়াজকে বাঁশ দিয়ে পেটায়।
এ সময় আল বেরুণী হলের ছাত্রলীগ কর্মী হাসিনুর রহমান মীমাংসা করার চেষ্টা করলে তাকেও মারধর করা হয় বলে শিক্ষার্থীরা জানায়।
হাসিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোহেল তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে মঞ্জুরকে মারধর করে। আমি বাধা দিতে গেলে আমাকেও মারধর করে।"
তবে দেলোয়ার হোসেন সোহেল এ অভিযোগ অস্বীকার করে বলেন, "ছাত্রীদের কথা কাটাকাটির বিষয়টি মীমাংসা করতে গেলে তারাই প্রথমে আমাদের এক কর্মীকে পেটায়।"
প্রক্টর ড. আরজু মিয়া এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।"
ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখা কমিটির সাধারণ সম্পাদক নির্ঝর আলম সাম্য অভিযোগ করেন, "উপাচার্য পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।"
গত বছর ৫ জুলাই ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ৫০ জন আহত হয়। ওই ঘটনায় ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩ জনকে বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। এছাড়া ছাত্রলীগ জাবি শাখা কমিটির কার্যক্রমও স্থগিত ঘোষণা করে দলের কেন্দ্রীয় কমিটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/জেকে/২১৩৩ ঘ.
bdnews24