২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুয়েটের অচলাবস্থা কেটেছে

শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাসে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কেটে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2011, 02:30 PM

Updated : 24 Aug 2022, 02:23 PM

রাজশাহী, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাসে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কেটে গেছে। সোমবার থেকে প্রশাসনিক কর্মকাণ্ড শুরু হয়েছে। তবে এর আগে ঘোষিত শীতকালীন ছুটির কারণে ক্লাশ-পরীক্ষা বন্ধ থাকবে। সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের বিভিন্ন দাবি নিয়ে রোববার রাতে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে প্রশাসনের ফলপ্রসূ বৈঠক হয়েছে। বৈঠকে উপাচার্য আন্দোলনরত শিক্ষার্থীদের বিভিন্ন দাবি পর্যায়ক্রমে বাস্তবায়নের প্রতিশ্র"তি দিয়েছেন। এতে শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহারে রাজি হয়। শিক্ষক সংকট নিরসন, আবাসিক হলে ইন্টানেট সংযোগের ব্যবস্থা, ক্যাম্পাসে পূর্ণাঙ্গ শহীদ মিনার স্থাপন, ছাত্রী হল শেখ হাসিনার নামে নামকরণ, ক্যাম্পাসে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের ব্যবস্থা, ক্রীড়া শিক্ষক নিয়োগ ও খেলার মাঠ সংস্কার, হলের খাবারের মান উন্নতকরণ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ বিভিন্ন দাবিতে প্রায় ছয়মাস ধরে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে। দাবি পূরণে প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ এনে ১৮ জানুয়ারি থেকে তারা লাগাতার ধর্মঘট শুরু করে। এর পরিপ্রেক্ষিতে ২০ জানুয়ারি কর্তৃপক্ষ জরুরি একাডেমিক কাউন্সিলের সভা করে পরদিন থেকে শীতকালীন ছুটি ঘোষণা করে। আগামী ৫ ফেব্র"য়ারি পর্যন্ত ছুটি চলবে। রুয়েটের বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজনৈতিক ও প্রশাসনিক মধ্যস্থতায় পরিস্থিতির সুষ্ঠু সমাধান হয়েছে। ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। শীতকালীন ছুটি শেষে স্থগিত পরীক্ষাসমূহের সময়সূচি ঘোষণা করবে বিভাগগুলো। রোববারের বৈঠকে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়ারুজ্জামান লিটন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নূরুল ইসলাম ঠাণ্ডু, রাজশাহী বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও পরিকল্পনা পরিচালক প্রকৌশলী লুৎফর রহমান উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য ড. সিরাজুল করিম চৌধুরী, উপ-উপাচার্য ড. মুর্ত্তুজা আলী, ছাত্রকল্যাণ পরিচালক ড. আশরাফুল আলমসহ সিন্ডিকেট সদস্য, ডিন, বিভাগীয় প্রধান ও ছাত্রনেতারা বৈঠকে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২১ ঘ.