ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর দিবা শাখার লিখিত পরীক্ষায় অনিয়মের অভিযোগ করেছেন বেশ কিছু অভিভাবক।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এতে 'ভর্তি বাণিজ্য' করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
অভিভাবকদের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন আজিজুল ইসলাম।
সংবাদ সম্মেলনে অভিভাবকরা অভিযোগ করেন, তাদের সন্তানরা 'ভালো পরীক্ষা' দেওয়ার পরও মেধা তালিকায় তাদের নাম ছিলো না। তাদের কম নম্বর পাওয়ার বিষয়টি সন্দেহজনক। তাই পরীক্ষার খাতা পুর্নমূল্যায়নের জন্য তারা গত ১০ জানুয়ারি স্কুলে আবেদন করেন।
তারা আরো অভিযোগ করেন, প্রথমে প্রধান শিক্ষিকা পুর্নমূল্যায়নের আবেদন রাখতে না চাইলেও পরে তিনি তা রাখেন। কিন্তু তিনি পরীক্ষার খাতা দেখাতে অস্বীকার করেন।
এসব খাতা স্কুলে থাকে না বলে প্রধান শিক্ষিকা অভিভাবকদের জানান।
অভিভাবকরা বিষয়টি তদন্তের জন্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, দুর্নীতি দমন কমিশন এবং র্যাবের কাছে অভিযোগ করেছেন।
মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পারভিন ফজিলা 'ভর্তি বাণিজ্যের' অভিযোগ অস্বীকার করেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে একটি ভর্তি কমিটির মাধ্যমে এ ভর্তি পরীক্ষা পরিচালিত হয়েছে।"
তিনি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের বিষয়টি মিথ্যে বলে দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমইউএস/পিডি/১৮৪৮ ঘ.
bdnews24