ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটে সোমবার বিশ্ব হিন্দি দিবস উদযাপন করা হয়েছে।
সেইসঙ্গে ইনস্টিটিউটের অধীন হিন্দি ভাষা সংক্ষিপ্ত কোর্সে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।
এ উপলক্ষে ইনস্টিটিউট মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আধুনিক ভাষা ইনস্টিটিউট ও ভারতীয় হাইকমিশন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
তিনি বলেন, "বাংলাদেশ ও ভারতের মধ্যে রক্তের সম্পর্ক রয়েছে। একাত্তরে দুইদেশের সৈন্যদের রক্ত একই সঙ্গে প্রবাহিত হয়েছিল।"
বর্তমানে ভারতের সঙ্গে বাংলাদেশের সবচেয়ে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে উল্লেখ করে বিশেষ অতিথি ভারতীয় হাইকমিশনার রাজীত মিত্র বলেন, "দু'দেশের মধ্যে বাণিজ্যিক ও বিনিয়োগ যোগাযোগ আরো বাড়ছে। হিন্দি ভাষার প্রসারে দু'দেশের মানুষে-মানুষে যোগাযোগ আরো বাড়বে। হিন্দি চলচ্চিত্র ও গানের কল্যাণে বাংলাদেশে হিন্দি ভাষা অনেক জনপ্রিয়।"
ঢাকা বিশ্ববিদ্যালয় ও ভারতীয় হাইকমিশনের মধ্যে সম্পর্ক আরো জোরদারে কাজ করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পরে ঢাবি উপাচার্য ও ভারতীয় হাইকমিশনার ইনস্টিটিউটের অধীন হিন্দি ভাষার পাঁচটি সংক্ষিপ্ত কোর্সে উত্তীর্ণদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাষা ইনস্টিটিউটের পরিচালক মো. আবদুর রহিম। আরো বক্তব্য রাখেন ইনস্টিটিউটের হিন্দি ভাষার শিক্ষক ড.কুলসুম এ বাশার মজুমদার ও মিসেস শামীম বানু প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বাংলা ও হিন্দি ভাষায় সঙ্গীত পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নাজমুল আরেফিন ও মাহজাবিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২০৫০ ঘ.
bdnews24