ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্ধবীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে বেধড়ক পিটিয়েছে ছাত্রলীগের একদল কর্মী।
বৃহস্পতিবার সকালের এ ঘটনার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ এবং মানববন্ধন করেন। এ সময় ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়।
আহত রিফাত আহমেদকে ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র।
প্রত্যক্ষদর্শী ছাত্ররা জানান, রিফাত সোমবার দুপুরে ক্যাম্পাস থেকে বের হয়ে আজমিরি পরিবহনের একটি বাসে তার বান্ধবীর সঙ্গে যাচ্ছিলেন। বাসে তমাল হোসেন নামে প্রণীবিদ্যা বিভাগের এক ছাত্র ছিলেন। পথে বাসের মধ্যে রিফাত ও তার বান্ধবীকে নানাভাবে কটূক্তি করেন তমাল।
রিফাত প্রতিবাদ করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক গাজী আবু সাঈদ গ্র"পের সদস্য হিসেবে পরিচিত তমাল তখন তাকে হুমকি দেয় বলে শিক্ষার্থীরা জানায়। তবে সেদিন তা নিয়ে আর কিছু হয়নি।
শিক্ষার্থীরা জানায়, ওই ঘটনার সূত্র ধরে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তমাল তার দলবল নিয়ে হিসাব বিজ্ঞান বিভাগে গিয়ে রিফাতকে খুঁজে বের করে বেধড়ক মারপিট করে চলে যান। হামলায় তার মাথা ফেটে যাওয়াসহ শরীরের বিভিন্নস্থানে জখম হয়।
কোতয়ালি থানার উপ-পরিদর্শক আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিঢেফার ডটকমকে জানান, এই ঘটনার প্রতিবাদে কিছুক্ষণের মধ্যেই সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল শুরু করে। তারা হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে মানববন্ধন করে। প্রায় বেলা প্রায় ১২টা পর্যন্ত তারা মানববন্ধন করে এবং শ্লোগান দেয়।
খবর পেয়ে সংঘাতের আশঙ্কায় ক্যাম্পাসে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়।
এসআই আতাউর আরো জানান, এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী আসাদুজ্জামান হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আশ্বাস দিলে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি শেষ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমআই/১৫৩৪ ঘ.
bdnews24