২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকের ওপর হামলাকারীকে গ্রেপ্তারের দাবিতে অবরোধ

কলেজ শিক্ষকের ওপর হামলাকারীকে গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার নীলফামারীতে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2010, 01:46 PM

Updated : 25 Aug 2022, 06:42 PM

নীলফামারী, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলেজ শিক্ষকের ওপর হামলাকারীকে গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার নীলফামারীতে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত অবরোধে জেলা শহরের প্রধান চারটি সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এতে যানজট দেখা দিলে পুলিশ গিয়ে হামলাকারীকে গ্রেপ্তারের আশ্বাস দেয়। তখন শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। নীলফামারী সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক আশরাফুল আলম সোমবার শহরের চৌরঙ্গী মোড় এলাকার মারধরের শিকার হন। এ জন্য তিনি একটি মামলাও করেন। আশরাফুল তার মামলায় স্থানীয় এক ব্যবসায়ীকে আসামি করেছেন। সহকারী পুলিশ সুপার মো. শাহাবুদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চৌরঙ্গী মোড় এলাকার মুক্তি ট্রেডার্সের মালিক মুক্তি মিয়া ফটোকপির টাকা দেওয়া-নেওয়া নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে আশরাফুলকে হাতুড়ি দিয়ে পেটায় বলে অভিযোগ এসেছে।" এর প্রতিবাদে শিক্ষার্থীরা নীলফামারী-সৈয়দপুর-ডোমার সড়ক, নীলফামারী-জলঢাকা, নীলফামারী-কিশোরগঞ্জ ও চিলহাটি-পার্বতীপুর সড়ক অবরোধ করে বলে তিনি জানান। শাহাবুদ্দীন বলেন, "আসামিকে গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমআই/১৯৩৫ ঘ.