জাবি, সেপ্টেম্বর ২৫(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবৈধ উপায়ে ভর্তির আবেদনপত্র ও স্টুডেন্টস ইনফরমেশন ফরম (এসআইএফ) বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
এর আগে কোনো নিয়মনীতি না মেনে প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে আবেদনপত্র ও এসআইএফ বিক্রির অভিযোগ পাওয়া যায়।
অগ্রণী ব্যাংক, নতুন কলা ভবন ও সমাজ বিজ্ঞান অনুষদ ভবনের সামনে কয়েকটি অস্থায়ী দোকান ও তথ্য কেন্দ্রের মাধ্যমে কিছু লোক অবাধে এসব ফরম বিক্রয় করছে বলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন।
এসব দোকান ও তথ্য কেন্দ্র প্রশাসনের অনুমতি ছাড়া এসব কাজ করছে বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরজু মিয়া জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রশাসন মনে করেছিল দোকানগুলো ভর্তিচ্ছুদের সুবিধার জন্য বসানো হয়েছে।
পরে প্রশাসন বিষয়টি জানামাত্র দোকানগুলি সরিয়ে ফেলার উদ্যোগ নিয়েছে। দোষীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার ব্যাংক বন্ধ ছিল। অথচ ব্যাংকের সামনের অস্থায়ী দোকানগুলো থেকে ৪০০ থেকে ৮০০ টাকায় এসআইএফ ও ভর্তির আবেদনপত্র সংগ্রহ করার কথা স্বীকার করেছেন ভর্তিচ্ছু অনেক শিক্ষার্থী।
মিরপুর থেকে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থী আবু সাইদ বলেন, "আজ (শনিবার) ব্যাংক বন্ধ থাকবে এটা না জানায় ফরম সংগ্রহ করতে পারিনি। পরে এখানে তথ্য কেন্দ্রের এক ভাইয়ার কাছ থেকে ১৪০০ টাকা দিয়ে 'চ' ইউনিটের তিনটি এসআইএফ ও ভর্তির আবেদনপত্র সংগ্রহ করেছি।"
এ কাজে ছাত্রলীগকর্মীরা জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানালে জাবি ছাত্রলীগ সহ-সভাপতি নিয়ামুল পারভেজ বলেন, ছাত্রলীগের কেউ এসব ঘটনায় জড়িত থাকলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
গত ১ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর ১ম বর্ষের আবেদনপত্র বিক্রি শুরু হয়। চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।
২৩ অক্টোবর ভর্তি পরীক্ষা শুরু হবে। ১ ডিসেম্বর থেকে ১ম বর্ষের ক্লাশ শুরু হবে।
এবার প্রথমবারের মতো জাবিতে বিষয়ভিত্তিক পরীক্ষার পরিবর্তে সাতটি ইউনিটে ইউনিটভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪২ ঘ.
bdnews24