২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাঞ্ছনার খবর অস্বীকার বিএসএমএমইউ উপাচার্যের

মেডিকেল অফিসার পদে লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীদের কাছে লাঞ্ছিত হওয়ার অভিযোগ অস্বীকার করেছেন বঙ্গবন্ধ শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2010, 02:49 PM

Updated : 25 Aug 2022, 06:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেডিকেল অফিসার পদে লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীদের কাছে লাঞ্ছিত হওয়ার অভিযোগ অস্বীকার করেছেন বঙ্গবন্ধ শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "এটি ভুল। এ কথা বলা হলে তাদের প্রতি অন্যায় করা হবে। তাদের সঙ্গে আমার তেমন কোনো কথাই হয়নি।" শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মিল্টন হলের বাইরে অনুত্তীর্ণ প্রার্থীরা অধ্যাপক প্রাণ গোপালকে লাঞ্ছিত করে বলে খবর প্রচার করে বেশ কয়েকটি ইলেকট্রনিক প্রচারমাধ্যম। এ প্রেক্ষিতে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মিলনায়তনের সামনে অনুত্তীর্ণ প্রার্থীদের কাছে জানতে চেয়েছি তারা আমার সঙ্গে কথা বলতে এসেছে কি না? তারা বলে, তারা দু'নেতার (বিএমএ ও স্বাচিপ) সঙ্গে কথা বলবে। "এরপর আমি সেখান থেকে চলে যাই। তাদের সঙ্গে আমার আর তেমন কোনো কথা হয়নি।" প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১২টা থেকে মিলনায়তনের বাইরে অনুত্তীর্ণ পরীক্ষার্থীরা অপেক্ষা করছিল। একাডেমিক কমিটির বৈঠক শেষে উপাচার্য, উপ-উপাচার্য এবং অন্যান্য শিক্ষকরা বের হওয়ার পর পরীক্ষার্থীরা তাদের ঘিরে ধরে। এ সময় পরীক্ষার্থীরা ওই পরীক্ষা বাতিল দাবি করে। উপাচার্য তাদের প্রশ্ন করলে তারা বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নেতার সঙ্গে কথা বলবেন বলে জানান পরীক্ষার্থীরা। এরপর তারা বিএমএ মহাসচিব অধ্যাপক শারফুদ্দিন আহমেদ এবং স্বাচিপ মহাসচিব অধ্যাপক ইকবাল আর্সলানকে ঘিরে ধরেন। এসময় তাদের সঙ্গে পরীক্ষার্থীদের কথা কাটাকাটি হয়। প্রত্যক্ষদর্শীরা আরো জানায়, পরীক্ষার্থীরা এ সময় নিজেদের ছাত্রলীগ সমর্থক দাবি করে চিৎকার করতে থাকে। তারা বলে, আমরা এতোদিন দলের জন্য কাজ করেছি, আমাদের কেন বঞ্চিত করা হবে। তাদের এ কথার পর নেতারা তাদের বুঝিয়ে চলে যায়। বিএমএ মহাসচিব ও বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শারফুদ্দিন এ প্রসঙ্গে বলেন, "অনুত্তীর্ণ প্রার্থীরা নিজেদের রাজনৈতিক পরিচয় দেয়। কিন্তু মেধার ভিত্তিতেই নিয়োগ দেয়া হবে। রাজনৈতিক পরিচয়ে নয়।" এ সময় বিএসএমএমইউ'র উপ-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ শহীদুল্লাহ ও অন্য শিক্ষকরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। শুক্রবার মেডিকেল অফিসারের ৭০টি পদের জন্য লিখিত পরীক্ষা হয়। এ পরীক্ষা ১৬ জুলাই ছিলো। তখন অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল করা হয়। শুক্রবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পরীক্ষা হয়। শুক্রবারই বিকাল ৫টায় ফল প্রকাশ করা হয়। ৭০টি পদে ছয়শ ৩১ জন পরীক্ষার্থী ছিল। এদের মধ্যে দুইশ সাতজন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়। এরপর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/পিডি/২০৩৮ ঘ.