২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইডেনছাত্রী শান্তার মৃত্যু: মামলা তুলে নিতে পরিবারকে চাপ

আশুলিয়ায় ইডেন কলেজের ছাত্রী সালমা আক্তার শান্তা হত্যার মামলা তুলে নিতে চাপ দিচ্ছে আসামিরা। নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন নিহতের মা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2010, 02:22 PM

Updated : 25 Aug 2022, 06:38 PM

সাভার, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশুলিয়ায় ইডেন কলেজের ছাত্রী সালমা আক্তার শান্তা হত্যার মামলা তুলে নিতে চাপ দিচ্ছে আসামিরা। নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন নিহতের মা। নিহতের মা শাহানাজ পারভীন বলেন, "হত্যাকাণ্ডের কয়েকদিন পরই আসামিরা আমার ছেলে মো. শ্যামল ও স্বামী আব্দুস সামাদকে থানা থেকে মামলা তুলে নিতে বলে। মামলা তুলে না নিলে শান্তার মতো আমার ছেলে ও মামলা দেখভালকারী ভাগ্নে ইকবালকে গুলি করে হত্যা করবে বলে হুমকি দিচ্ছে।" গত ২৮ অগাস্ট দুপুরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় শান্তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শান্তার মামা চাঁন মিয়া আশুলিয়া থানায় শান্তার স্বামী ফরিদুল আলম, তার ভাই ডা. শফিকুল ইসলামসহ অজ্ঞাত কয়েকজনকে আসামী করে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা করেন। শান্তার পরিবারের অভিযোগ, শান্তাকে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার চালিয়েছেন তার স্বামী। মৃত্যুর পর প্রায় তিন সপ্তাহ পার হলেও আসামিদের গ্রেপ্তার করেনি বলে অভিযোগ করেন তার মা। নিহত শান্তার পরিবার পুনঃময়নাতদন্তের দাবি জানিয়ে গত ১৩ সেপ্টেম্বর আদালতে আবেদন করে। আবেদনের দুদিন পর আদালত তা মঞ্জুর করে পুনরায় লাশ উত্তোলনের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবিদ হোসেন। আবিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনাটি আত্মহত্যা বলে ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে। পুনঃতদন্তের জন্য আদালত নির্দেশ দিয়েছে। পুনঃময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।" এ ব্যাপারে আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুনঃময়নাতদন্ত প্রতিবেদনে প্রকৃত রহস্য উদ্ঘাটন হবে বলে আশা করছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২০১৮ ঘ.