ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফরম অনলাইনে পাওয়া যাবে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভর্তিচ্ছুদের সুবিধার কথা বিবেচনা করে এবারই প্রথম অনলাইনে ভর্তি ফরম ছাড়া হচ্ছে।"
দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও নিজ নিজ এলাকা থেকে অনলাইনে ভর্তি ফরম পূরণ করতে পারবেন। ভর্তি পরীক্ষার ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে তিনশ টাকা। ফরমের মূল্যের সঙ্গে ২০ টাকা ব্যাংক ফিস দিতে হবে যা জনতা, সোনালী, অগ্রণী ও রূপালী ব্যাংকে জমা দিতে হবে।
বিশ্ববিদ্যালয়ের পাঁচ ইউনিটে ভর্তি পরীক্ষার নির্দিষ্ট তারিখসহ এ সংক্রান্ত সব সিদ্ধান্ত চূড়ান্ত হবে আগামী ২৪ অগাস্টের একাডেমিক কমিটির সভায়।
অনলাইনে ভর্তি কার্যক্রমের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে একটি কেন্দ্রীয় কার্যালয় থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২০৫৩ ঘ.
bdnews24