২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খুবির জনসংযোগ কর্মকর্তা বরখাস্ত

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক গাজী আলাউদ্দিন আহমেদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2010, 04:47 PM

Updated : 25 Aug 2022, 05:35 PM

খুলনা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক গাজী আলাউদ্দিন আহমেদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত এক আদেশে তাকে তাকে আগামী সাতদিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. গাজী আব্দুল্লাহেল বাকী স্বাক্ষরিত আদেশে বলা হয়, গত ৪ আগস্ট দুপুর ২টার পর বাইরের দুজন সাংবাদিক নিয়ে সহকারী পরিচালক গাজী আলাউদ্দিন আহমেদ তার কার্যালয় কক্ষে প্রশাসন বিরোধী বৈঠক করেছেন। এদের মধ্যে একজন বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ধ্বংসাত্মক ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ও সাজাপ্রাপ্ত ছিলেন। তাছাড়া তিনি বেশ কিছুদিন ধরে কার্যালয়ের গোপনীয় তথ্য অতিরঞ্জিত করে বিভিন্ন পত্রিকায় প্রকাশে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। এ সব কারণে তাকে একাধিকবার মৌখিকভাবে সতর্ক করা হয়। এ ব্যাপারে গাজী আলাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, "আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনবিরোধী কোনো কাজ করিনি। তাছাড়া সাময়িক বরখাস্তের কোনো চিঠিও আমি পাইনি।" তবে বৃহস্পতিবার বিকালে তিনি দুটি পেয়েছে বলে জানান। আলাউদ্দিন বলেন, একটি চিঠিতে তাকে জনসংযোগ বিভাগ থেকে গ্রন্থাগারে বদলি এবং অপরটিতে তার খণ্ডকালীন সাংবাদিকতার অনুমতি বাতিল করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৩৮ ঘ.