২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবির ছয় ছাত্রের একদিনের রিমান্ড

সংঘর্ষ ও ভাংচুরের ঘটনায় করা মামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছয় ছাত্রকে একদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের (রিমান্ড) অনুমতি দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2010, 02:40 PM

Updated : 25 Aug 2022, 05:36 PM

চট্টগ্রাম, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম) - সংঘর্ষ ও ভাংচুরের ঘটনায় করা মামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছয় ছাত্রকে একদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের (রিমান্ড) অনুমতি দিয়েছে আদালত। গ্রেপ্তারকৃত ২৪ ছাত্রের মধ্যে ২৩ জনকে বৃহস্পতিবার চট্টগ্রামের জ্যৈষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করে সাতদিন জিজ্ঞাসাবাদের আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে হাকিম কেশব রায় চৌধুরী ছয়জনকে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। আদালত পরিদর্শক উনু মং মারমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তারকৃত ২৪ জনের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়নি। পুলিশ যে ছয় ছাত্রকে জিজ্ঞাসাবাদ করবে তারা হলেন- জাহাঙ্গীর আলম, শাহাদাৎ, রায়হানুল ইসলাম, রমজান আলী, এ বি এম মাসুম ও আখতারুজ্জামান। এদের মধ্যে জাহাঙ্গীর আলম ছাড়া বাকি সবাই ছাত্রশিবিরের নেতাকর্মী বলে দাবি করেছেন শিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শামসুদ্দিন আহম্মেদ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সোমবারের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদি হয়ে বিস্ফোরক আইনের ৩ ও ৪ ধারায় হাটহাজারী থানায় মঙ্গলবার এ মামলা করে। ভাংচুরের অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসনও একটি মামলা করে। পুলিশের করা মামলায় ৭৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৯০০ জনকে আসামি করা হয়েছে। সংঘর্ষের পর সোমবার বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আবাসিক হলে তল্লাশি চালিয়ে ২৬০ জনকে আটক করে পুলিশ। এদের মধ্যে ৫৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার তাদের আদালতে হাজির করা হয়। এর মধ্যে ৩০ জনকে জামিন দিয়ে বাকিদের কারাগারে পাঠানো হয়। বর্ধিত বেতন ও ফি প্রত্যাহারের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা গত ২৬ জুলাই আন্দোলন শুরু করে। বিক্ষোভ ও ভাংচুরের মুখে আটদিনের মাথায় বিশ্ববিদ্যালয় দেড় মাসের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। আন্দোলনের প্রথমদিন শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে এক ছাত্রকে দুবছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএডি/এমএসবি/২০৩৫ ঘ.