চট্টগ্রাম, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সোমবার দিনভর ছাত্র-পুলিশ সংঘর্ষ এবং ভাংচুরের ঘটনায় পুলিশ ২৬০ জনকে আটক করেছে।
ক্যাম্পাস ও ছয়টি আবাসিক হল তল্লাশি করে এদের আটক করা হয়।
আটক করা শিক্ষার্থীদের হাটহাজারী থানা ও নগরীর হালিশহর থানাধীন জেলা পুলিশ লাইনে রাখা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদি হয়ে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংঘর্ষের সঙ্গে জড়িত শিক্ষার্থীদের একটি তালিকাও পুলিশকে দিয়েছে।
জড়িতদের চিহ্নিত ও ক্ষয়ক্ষতি নিরূপণে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক জাকির হোসেনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।
এদিকে দেড়মাসের জন্য বিশ্ববিদ্যালয় ও আবাসিক হল বন্ধ ঘোষণার পর শিক্ষার্থীরা ক্যাম্পাস ত্যাগ করেছে।
হলগুলো খালি হওয়ার পর পুলিশ প্রহরা বসানো হয়েছে।
হাটহাজারী থানার ওসি মহিউদ্দিন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংঘর্ষের ঘটনায় ইতোমধ্যে ২৬০ জনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করার পর বাকিদের ছেড়ে দেওয়া হবে।
তিনি জানান, ভাঙচুরের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সরকারি কাজে বাধা দান ও হামলার ঘটনায় পুলিশ বাদি হয়ে পৃথক মামলার প্রস্তুতি নিচ্ছে।
এ দুটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে।
সকাল থেকে বর্ধিত বেতন ও ফি প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদসহ পুরো ক্যাম্পাস জুড়ে ভাংচুর চালায়।
সংঘর্ষে হাটহাজারী সার্কেলের এএসপি বাবুল আক্তারসহ ২০ পুলিশ ও অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়।
আহতদের দামপাড়া পুলিশ লাইন হাসপাতাল, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্র ও বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দুই কোটি টাকারও বেশি সম্পদের ক্ষতি হয়েছে।"
তিনি জানান, প্রশাসনিক ভবনের গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়িয়ে দিয়েছে শিক্ষার্থীরা।
ভাংচুর-সংঘর্ষের ঘটনা তদন্তে করা কমিটিকে সাতদিনের মধ্যে সুনির্দিষ্ট প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে প্রক্টর জানান।
বিকালে সিন্ডিকেট ও ডিসিপ্লিনারি কমিটির সদস্যদের জরুরি সভায়
আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।
উপাচার্য ড. আবু ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ববিদ্যালয়ের চলমান শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ বিনষ্ট করে ক্যাম্পাস জুড়ে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, যা কোনভাবেই কাম্য নয়। এতে সাধারণ শিক্ষার্থীরাই ক্ষতিগ্রস্ত হবে বেশি।"
এবারই বিশ্বদ্যিালয়ে স্মরণকালের ভয়াবহ ভাংচুর হয়েছে দাবি করে তিনি বলেন, হামলা-ভাংচুরে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গত সোমবার (২৬ জুলাই) থেকে শিক্ষার্থীরা বর্ধিত বেতন ও ফি প্রত্যাহারের দাবিতে আন্দোলন করে আসছিলো। আন্দোলনের প্রথম দিন শিক্ষককে লাঞ্ছিত অভিযোগে এক শিক্ষার্থীকে দুবছরের জন্য বহিষ্কার করেছে প্রশাসন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এমএসবি/২১৫৩ ঘ.
bdnews24