২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

'গণমাধ্যম গণমানুষের জন্য' স্লোগানকে ধারণ করে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2010, 01:47 PM

Updated : 25 Aug 2022, 05:24 PM

ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'গণমাধ্যম গণমানুষের জন্য' স্লোগানকে ধারণ করে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। এ উপলক্ষে সোমবার সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বিভাগ দিবসের টি শার্ট পরে; ব্যানার-ফেস্টুন নিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা এ শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রার বাড়তি আকর্ষণ ছিলো ভুভুজেলা এবং ঝুনঝুনি। সকাল ১০টায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের ভুভুজেলা ও ঝুনঝুনির আওয়াজে হঠাৎ করেই ভিন্ন আমেজে জেগে উঠে কলা ভবন এবং এর আশপাশের এলাকা। শোভাযাত্রায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, বিভাগীয় চেয়ারপার্সন অধ্যাপক গীতি আরা নাসরিন, অধ্যাপক সাখাওয়াত আলী খান, অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলী, অধ্যাপক শেখ আব্দুস সালাম, ফাহমিদুল হক, সুধাংশু শেখর রায়, শবনম আযীম, কাজলী সেহরীন ইসলাম প্রমুখ। কয়েকশ শিক্ষার্থী নেচে গেয়ে শোভাযাত্রায় অংশ নেয়। অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি ক্যাম্পাসে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রমেশ চন্দ্র (আরসি) মজুমদার মিলনায়তনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত হয় বিভাগ দিবসের আলোচনা সভা। দৈনিক প্রথম আলোর হয়ে ২০০৮ সালে তেজগাঁওয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই পা হারানো বিভাগের শিক্ষার্থী সাইফুল সামিন আনুষ্ঠানিকভাবে কৃত্রিম পা পরে হেটে আলোচনা সভার মঞ্চে উঠেন। আলোচনা সভায় সাইফুল সামিনকে দৈনিক প্রথম আলোর অনলাইন সংস্করণের প্রতিবেদক হিসাবে নিয়োগপত্র তুলে দেন পত্রিকাটির সম্পাদক মতিউর রহমান। ১৯৬২ সালের ২ আগস্ট গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ প্রতিষ্ঠিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৯৩১ ঘ.