গাজীপুর, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার দলীয় জোট সরকারের সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাওয়া ২৩০ কর্মকর্তা-কর্মচারী এবং তাদের চাকুরিদাতাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঢাকার ধানমন্ডির আবাসিক কার্যালয়ে এক সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত এ বৈঠকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কাজী শহীদুল্লাহ, শিক্ষা সচিব সৈয়দ আতাউর রহমান, কোষাধ্যক্ষ কাজী ফারুক আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোস্তাহিদুর রহমান, আব্দুস সামাদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন মোবাশ্বেরা খানম প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সদস্য জানান, ভুয়া বিজ্ঞাপনে নিয়োগ পাওয়া ২৩০ কর্মকর্তা-কর্মচারী ও ভূয়া বিজ্ঞাপন প্রস্তুতকারী কর্মকর্তাদের চিহ্নিত করা হয়েছে। সিন্ডিকেট সভায় তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের চাকুরি সংবিধি অনুসরণ করে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
সংবিধি অনুযায়ী নোটিশ প্রাপ্তি সাপেক্ষে তাদের ১০ কার্যদিবসের মধ্যে কারণ দর্শাতে হবে। সম্ভব না হলে আরো ১০ কার্যদিবস সময় দেওয়া হবে।
এদিকে সিন্ডিকেট সভার সিদ্ধান্তের খবর পেয়ে ২৩০ কর্মকর্তা-কর্মচারী চাকুরি রক্ষা কমিটি গঠন করেন।
রোববার বিকাল ৪টার দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চত্বরে একাডেমিক ভবনের সামনে তারা প্রতিবাদ সমাবেশ করেন।
সভায় তারা সিন্ডকেটের সিদ্ধান্ত অগ্রহণযোগ্য, অযৌক্তিক ও ভিত্তিহীন দাবি করে তা প্রত্যাহারের আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখেন কমিটির আহ্বায়ক মো. নূরুল আমিন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. এনামুল করিম, চাকুরি রক্ষা কমিটির সদস্য সচিব মিয়া হোসেন রানা, সদস্য খোরশেদ আলম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২০ ঘ.
bdnews24