২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহাখালীতে শিক্ষার্থীদের বিক্ষোভ, উত্তেজনা

শিক্ষার্থীদের ওপর পুলিশের নির্যাতনের প্রতিবাদে ও টিউশন ফি'র ওপর ভ্যাট প্রত্যাহারের দাবিতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মঙ্গলবার রাজধানীর মহাখালী এলাকায় আমতলীতে বিক্ষোভ সমাবেশ শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2010, 08:44 AM

Updated : 25 Aug 2022, 05:02 PM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষার্থীদের ওপর পুলিশের নির্যাতনের প্রতিবাদে ও টিউশন ফি'র ওপর ভ্যাট প্রত্যাহারের দাবিতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মঙ্গলবার রাজধানীর মহাখালী এলাকায় আমতলীতে বিক্ষোভ সমাবেশ শুরু করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ছাত্র বিক্ষোভ ও পুলিশের অবস্থানের কারণে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গুলশান জোনের সহকারি কমিশনার নূরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহাখালীর ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বেলা ১১টার দিকে আমতলীতে গুলশান ১-মহাখালী সড়কের পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। পরিস্থতি নিয়ন্ত্রণে পুলিশ মোতয়েন করা হয়েছে। এর আগে সোমবার গুলশান, বনানী ও মহাখালী এলাকায় ৭ ঘণ্টা ধরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের বিক্ষিপ্ত সংঘর্ষ ঘটে। টিউশন ফি'র ওপর ভ্যাট প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করায় বিমানবন্দর সড়ক এবং মহাখালী-গুলশান সড়কে প্রায় ৭ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। সড়ক অবরোধকারী বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস শেল ছুঁড়ে এবং লাঠিচার্জ করে। শিক্ষার্থীরা ২০/২৫টি গাড়ি ভাংচুর করে। টিউশন ফি'র ওপর শতকরা ৪ ভাগ ভ্যাট (মূসক) আরোপের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে তারা এই আন্দোলনে নামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেএমএস/১১৫৯ ঘ.