ইসলামী বিশ্ববিদ্যালয়, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটি বাতিল করাসহ চার দফা দাবিতে বৃহস্পতিবার অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে পদবঞ্চিত নেতাকর্মীরা।
ধর্মঘটের সমর্থনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া শহর থেকে বিশ্ববিদ্যালয়গামী দুটি বাসে হামলা চালিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহনগুলোর চলাচল বন্ধ করে দেয় তারা।
বাসে চালানো হামলায় গুরুতর আহত চার শিক্ষার্থী মামুন, সাইফুল, মতিন এবং চম্পাকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ইবির পরিবহন প্রশাসক রেজওয়ানুল ইসলাম।
ওদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠিপেটায় ইবির ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের ছাত্র আমানউল্লাহ আমান গুরুতর আহত হয়েছেন। তাকেও সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংঘর্ষের ঘটনায় কুষ্টিয়া শহরের মজমপুর, কাস্টম মোড়সহ বিভিন্ন এলাকা থেকে ৩০ জনকে আটক করা হয়েছে।
ইবি শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাহনুর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে পদবঞ্চিত বিদ্রোহী গ্র"পের নেতাকর্মীরা।
দাবিগুলো হলো- অছাত্র ও পেশাজীবীদের দিয়ে গঠিত কমিটি বাতিল, প্রক্টরের পদত্যাগ, গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি এবং ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের 'মিথ্যা মামলা' অবিলম্বে প্রত্যাহার।
প্রত্যক্ষদর্শীরা আরো জানান, সকাল সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া শহরের কাস্টম মোড়ে ক্যাম্পাসগামী গাড়ি অবরোধ করে ছাত্রলীগের বিদ্রোহী গ্র"পের কিছু নেতাকর্মী। পরে পরিবহন প্রশাসক পুলিশের সহযোগিতায় অবরোধকারীদের প্রতিহত করে ক্যাম্পাসের উদ্দেশে গাড়ি ছেড়ে দেয়।
পথে বিত্তিপাড়া বাজার সংলগ্ন আলামপুরে বিশ্ববিদ্যালয়ের গাড়িতে ইট ছুড়তে থাকে বিদ্রোহী নেতাকর্মীদের সমর্থকরা। এ সময় বাসে থাকা চার শিক্ষার্থী আহত হয়।
এ ঘটনার পর নিরাপত্তার দাবিতে ওই এলাকায় গাড়ি চলাচল বন্ধ করে দেয় সাধারণ ছাত্রছাত্রীরা। এতে খুলনা-কুষ্টিয়া মহাসড়কে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। সকাল ১০টার কিছুক্ষণ পর পুলিশের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বাসগুলো সরিয়ে নেওয়া হয়। তারপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এরপর বাসগুলো ক্যাম্পাসে যাওয়ার পথে কাস্টম মোড় এলাকায় পৌঁছালে প্রক্টরিয়ার বডির গাড়ি বাসগুলো থেকে আলাদা হয়ে যায়। তখন সাধারণ শিক্ষার্থীরা আবারও বিক্ষুব্ধ হয়ে ওঠে। এসময় তৃতীয় দফায় বাস চলাচল বন্ধ করে দেয় তারা।
সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিপেটা করলে একজন আহত হয়।
এ ব্যাপারে পরিবহন প্রশাসক রেজওয়ানুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আমরা সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি।"
ছাত্রলীগের বর্তমান কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন।
গত ১৯ মে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। এরপর আধিপত্য বিস্তার নিয়ে গত ৭ জুলাই ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে দুজন গুলিবিদ্ধসহ কমপক্ষে আটজন আহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/এজে/১৪২৭ ঘ.
bdnews24