২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বড় পর্দার টিভির দাবিতে রাবি হলে বিক্ষোভ

বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখার জন্য বড় পর্দার টিভি সেটের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একটি হলের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2010, 05:34 PM

Updated : 25 Aug 2022, 12:22 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখার জন্য বড় পর্দার টিভি সেটের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একটি হলের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার শের-ই-বাংলা ফজলুল হক হলের শিক্ষার্থীরা এই বিক্ষোভ করে। তারা হল প্রাধ্যক্ষ ও একজন সহকারী প্রক্টরকে দু'ঘন্টা অবরুদ্ধ করে রাখে। হলের শিক্ষার্থীরা জানায়, বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলে ৫৬ ইঞ্চি টিভি সেট দেওয়া হলেও এই হলে বড় পর্দার টিভি সেট দেওয়া হয়নি। একটি মাত্র ২৪ ইঞ্চি টিভিতে তাদের খেলা দেখতে হচ্ছে। ৫৬ ইঞ্চি টিভি সেটের দাবিতে রাত ১০টার দিকে ছাত্ররা হলের মধ্যে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে হল প্রাধ্যক্ষ সুভাষ চন্দ্র শীল এবং সহকারি প্রক্টর মামুন জিয়াদ হলে এসে ছাত্রদের শান্ত করার চেষ্টা করেন। কিন্তু ছাত্ররা উত্তেজিত হয়ে প্রাধ্যক্ষ কক্ষে দু'জনকে রাত সাড়ে ১০টা থেকে অবরুদ্ধ করে রাখে। এসময় ছাত্ররা তাদের গালাগালও করে। পরে রাত সাড়ে ১২টার দিকে প্রক্টর অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া এসে দ্রুত বড় পর্দার টিভি সেটের ব্যবস্থার আশ্বাস দিয়ে তাদের মুক্ত করেন। এ হলের ছাত্র আসাদুল করিম ও শাকির হোসেন বলেন, ছোট পর্দার টিভিতে বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখতে তাদের অসুবিধা হচ্ছে। কয়েক দিন ধরে বড় পর্দার টিভি সেট দেওয়ার দাবি জানানো হলেও হল কর্তৃপক্ষ কর্ণপাত করেনি। এক পর্যায়ে উত্তেজিত হয়ে ছাত্ররা বিক্ষোভ করে এবং হল প্রাধ্যক্ষ এবং সহকারী প্রক্টরকে অবরুদ্ধ করে রাখে। প্রাধ্যক্ষ ও সহকারী প্রক্টরকে অবরোধ করার ঘটনার সত্যতা স্বীকার করে প্রক্টর জানান, শিগগিরই আবাসিক হলগুলোতে বড় পর্দার টেলিভিশন সেট দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/২৩২৫ ঘ.