সিলেট, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুচ্ছ ঘটনা নিয়ে মঙ্গলবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রলীগ ও শিবির সমর্থকদের সংঘর্ষে অন্তত নয়জন আহত হয়েছে।
আহত ছাত্রলীগের ওয়াসিম, রাজীব, আজগর, হারুন, জিন্নাত, শিবিরের রিপন আহমেদ, মইনুল, তানিম এবং নোমান আহমদ নামের এক ছাত্রকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের একটি বাসে সিট রাখাকে কেন্দ্র করে শিবিরকর্মী রিপনের সঙ্গে ছাত্রলীগের আশরাফ ও ওয়াসিমের কথাকাটাকাটি ও হাতাহাতি হয়।
এরপর শিবিরের নেতাকর্মীরা বাসটি আটকে ক্যাম্পাসের বাসস্ট্যান্ডের সামনে অবস্থান নেয়। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা বাসে থাকা ওয়াসিম ও আশরাফকে নিয়ে যেতে চাইলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে তারা লাঠিসোটা ব্যবহার করে।
শাবিপ্রবি ছাত্রলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান রাজু জানান, শিবির ক্যাডাররা ক্যাম্পাসকে অশান্ত করার চক্রান্ত করছে। তাই তারা ছাত্রলীগকর্মীর ওপর হামলা চালিয়েছে।
শিবির সভাপতি তোফাজ্জল হোসেন রোমেল জানান, ব্যক্তিগত কারণে এ ঘটনা ঘটেছে। এটা রাজনৈতিক ব্যাপার নয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এসএম সাইফুল ইসলাম বলেন, ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সচেষ্ট রয়েছে। তদন্ত করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০৩ ঘ.
bdnews24