রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে চারজন আহত হয়েছে। দেড়মাস বন্ধ থাকার পর বিশ্ববিদ্যালয় খোলার আগে সোমবার রাত সোয়া ১২টার দিকে মাদার বখশ হলে এ সংঘর্ষ ঘটে।
গ্রীষ্মের ছুটি শেষে মঙ্গলবার খুলেছে বিশ্ববিদ্যালয়।
সোমবার রাতের সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে যথারীতি ক্লাস হয়।
অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আউয়াল কবির জয় ও সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম অপুর পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার ও চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে রাত সাড়ে ১২টার দিকে মারধর ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় চারজন আহত হয়।
আহতরা হলো, সভাপতি সমর্থক মাদারবক্স হলের ছাত্র মনির, দেলোয়ার হোসেন ডিলস্ ও নাসির হোসেন এবং অপুর সমর্থক সোহরাওয়ার্দি হলের তোফাজ্জল হোসেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
মাদার বখ্শ হলের শিক্ষার্থীরা জানান, ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জয়ের অনুসারী দেলোয়ার হোসেন ডিলস, মনিরুজ্জামান, ফারুকসহ ৭/৮ জন কর্মী ওই হলের ক্যান্টিন ব্যবস্থাপক শাহ আলমকে সোমবার দুপুরে হলের ২১৬ নম্বর কক্ষে ডেকে নিয়ে যায়। ডিল্স ওই কক্ষের আবাসিক ছাত্র।
এসময় 'ছাত্রলীগের কোন কোন কর্মী ক্যান্টিনে 'ফাও' খায়-এ বিষয়ে শাহ আলমের কাছে জানতে চায় তারা। তবে ক্যান্টিনে কেউই ফাও খায় না বলে জানায় শাহ আলম।
এক পর্যায়ে শাহ আলমকে মারধর করে ডিলস ও তার সঙ্গীরা। বিষয়টি সাধারণ সম্পাদক অপুর অনুসারীরা জানলে উত্তেজনার সৃষ্টি হয়।
উদ্ভুত সমস্যা সমাধানের জন্য উভয় পক্ষের নেতা-কর্মীরা সোমবার রাতে মাদার বখ্শ হলের ১০৩ নম্বর কক্ষে সমঝোতা বৈঠকে বসে। বৈঠকের এক পর্যায়ে রাত সোয়া ১২টার দিকে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পরে অন্য হল থেকে ছাত্রলীগ নেতাকর্মীরা মাদার বখ্শ হলে জড়ো হয়। রাত একটার দিকে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় হলের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাত দেড়টার দিকে সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক ঘটনাস্থলে উপস্থিত হয়ে নেতাকর্মীদের শান্ত করে।
মঙ্গলবার সকালে মহানগর আওয়ামী লীগ নেতাদের মধ্যস্থতায় ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে এক সমঝোতা বৈঠকের পর উভয়পক্ষের নেতা-কর্মীরা একসঙ্গে ক্যাম্পাসে মিছিল করে।
আহতদের মধ্যে নাসিরকে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম অপু বলেন, "সভাপতির অনুসারী কিছু উচ্ছৃঙ্খল কর্মী প্রথমে তোফাজ্জলকে মারধর করে। পরে উত্তেজনা সৃষ্টি হলে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় কয়েকজন আহত হয়।"
সভাপতি আওয়াল কবির জয় বলেন, নিজেদের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিলো। পরে মহানগর নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে তা মীমাংসা করা হয়েছে।
মাদার বখ্শ হলের কয়েকজন শিক্ষার্থী জানায়, হলের ছাত্রলীগ কর্মীরা এক সাধারণ ছাত্রের কাছে গত শনিবার দেড় হাজার টাকা চাঁদা নেয়। এই টাকার ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে।
সভাপতির অনুসারী ডিলস এবং সাধারণ সম্পাদকের অনুসারী শাহনেওয়াজ টোকন বিষয়টি অস্বীকার করেন।
টোকন দাবি করেন, ক্যান্টিন ব্যবস্থাপককে মারধরের প্রতিবাদ করায় তারা সংঘর্ষে লিপ্ত হয়।
ডিলস বলেন, "খাবারের মান নিু হওয়ায় বিষয়টি তারা ক্যান্টিন ব্যবস্থাপককে বলেছে।"
শাহ আলম মারধরের বিষয়টি স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কথা বলার সুযোগ না দিয়েই বিনা কারণে আমাকে মারধর করেছে।"
মাদার বখ্শ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক বেলায়েত হোসেন চার ছাত্রের আহত হওয়ার কথা স্বীকার করে বলেন, "বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছে।"
প্রক্টর অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া বলেন, "ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।"
তিনি বলেন, "অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এজে/কেএমএস/১৫২০ঘ.
bdnews24