সুলাইমান নিলয়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তদন্ত কমিটির আহ্বায়ক বলছেন, তিনি নথি হারিয়ে ফেলেছেন। আর সদস্য সচিব বলছেন, আহ্বায়ক সময় দিতে পারছেন না।
এভাবেই ঝুলে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের তদন্ত, যদিও এর মধ্যে সময় গড়িয়েছে সাড়ে তিন মাস।
গত ২২ জানুয়ারি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের প্রাথমিক সত্যতা মিললে পরীক্ষা বাতিল করে পরদিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।
কমিটির আহ্বায়ক করা হয় সিন্ডিকেট সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এএফএম মেজবাউদ্দিন আহমেদকে।
কমিটির কাজের খোঁজ-খবর নিতে গেলে গত সোমবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কমিটি গঠনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কাগজপত্র তাকে দেওয়া হয়নি। ফলে এ বিষয়ে তিনি কিছু বলতে পারছেন না।
"তবে কমিটি গঠনের ব্যাপারে টেলিফোনে কেউ বলে থাকতে পারে", বলেন তিনি।
তার এ বক্তব্য প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, কমিটি গঠনের পর সব সদস্যকে চিঠি দিয়ে জানানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১৮ ফেব্র"য়ারি এ সংক্রান্ত নথি আহ্বায়কের কাছে পাঠানো হয়েছে। যা তিনি প্রাপ্তিস্বীকারমূলক স্বাক্ষর দিয়ে গ্রহণ করেছেন।"
এরপর এ বিষয়ে যোগাযোগ করা হলে মেজবাউদ্দিন বলেন, ফাইলটি (নথি) তিনি হারিয়ে ফেলেছেন।
তদন্ত কমিটির কাজ শুরুর জন্য একাধিকবার আহ্বায়কের সঙ্গে যোগাযোগ করা হয় বলে জানান কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আমজাদ আলী।
"তবে সাড়া মেলেনি, আহ্বায়কের ব্যস্ততার কারণেই মূলত কাজ এগুচ্ছে না", বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তিনি।
মাদার প্রিন্টার্স নামে একটি ছাপাখানায় প্রশ্নপত্র ছাপানো হয়েছিলো। আমজাদ জানান, তিনি ব্যক্তিগতভাবে ওই ছাপাখানা পরিদর্শন করেছেন।
কমিটির অন্য সদস্যরা হলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক আব্দুল আউয়াল খান, আওয়ামী লীগ সমর্থিত শিক্ষক সংগঠন নীল দলের আহবায়ক অধ্যাপক মো. আনোয়ার হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কেএম সাইফুল ইসলাম।
গত ২২ জানুয়ারি পরীক্ষা শুরুর আগে রাতে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০০৯-১০ শিক্ষাবর্ষের বিএড সম্মান ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। এ পরীক্ষার জন্য তিন সেট প্রশ্ন তৈরি করা হয়। এর দুই সেটের অনুলিপি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম নিউ মার্কেট এলাকা থেকে উদ্ধার করে।
প্রক্টর কেএম সাইফুল ইসলাম খান ওই ঘটনাকে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নজিরবিহীন ঘটনা বলে আখ্যা দেন।
এরপর স্থগিত হয়ে যায় আইইআরের ভর্তি পরীক্ষা। ৫ ফেব্র"য়ারি নতুন করে পরীক্ষা নেওয়া হয়।
প্রশ্নপত্র ফাঁসের দিনই ইনস্টিটিউটের অধ্যাপক দেলোয়ার হোসেনকে আহ্বায়ক করে চার সদস্যের একটি প্রাথমিক তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়। দুই দিন পর এ কমিটি উপাচার্য বরাবর প্রতিবেদন জমা দেয়।
দীঘদিনেও তদন্ত সম্পন্ন না হওয়ার বিষয়ে মন্তব্য চাওয়া হলে আইইআরের পরিচালক অধ্যাপক সালমা ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় দায়ীদের বিচারের দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। আমাদের দায়িত্ব ছিলো পরে পরীক্ষাটি সুষ্ঠুভাবে নেওয়া। সে কাজ আমরা করেছি।
দেরির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি বিষয়টি খতিয়ে দেখবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩১৩ ঘ.
bdnews24