২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবির শিক্ষক বাসে আগুন

সরকার সমর্থক সংগঠন ছাত্রলীগের ডাকা ধর্মঘটের চতুর্থদিনে মঙ্গলবার ক্যাম্পাসগামী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2010, 08:23 AM

Updated : 24 Aug 2022, 08:40 PM

চট্টগ্রাম, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার সমর্থক সংগঠন ছাত্রলীগের ডাকা ধর্মঘটের চতুর্থদিনে মঙ্গলবার ক্যাম্পাসগামী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। ধর্মঘটের কারণে নগরী থেকে শাটল ট্রেনগুলোও চলেনি। শিক্ষার্থীদের উপস্থিতি কম হওয়ায় অধিকাংশ বিভাগে ক্লাস হয়নি। গত বৃহস্পতিবার ক্যাম্পাস সংলগ্ন গ্রামের যুবকদের হামলায় ছাত্রলীগকর্মী মো. আসাদুজ্জামান নিহত হওয়ার পর ক্যাম্পাসে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকে ছাত্রলীগ। পুলিশ জানায়, মঙ্গলবার সকালে ষোলশহর এলাকায় শিক্ষক বাসে আগুন ধরিয়ে দেয় কয়েকজন যুবক। পাঁচলাইশ থানার উপপরিদর্শক মো. হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল পৌনে ৭টার দিকে ষোলশহর ২ নম্বর গেট সংলগ্ন এলাকায় ৮ থেকে ১০ জন যুবক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুল ধরিয়ে পালিয়ে যায়।" তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানান হালিম। রোববারও বিশ্ববিদ্যালয়গামী একটি বেসরকারি বাসে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। অধিকাংশ বিভাগে ক্লাস না হলেও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. জসিম উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, কয়েকটি বিভাগে ক্লাস হয়েছে। আসাদকে নিয়ে গত তিন মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিন ছাত্র খুন হলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএস/এমআই/১৩৩০ ঘ.