২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই শিক্ষক নিয়ে চলছে সরকারি বিদ্যালয়

মাত্র দুজন শিক্ষক নিয়ে চলছে বরগুনার আমতলী উপজেলার আঠারোগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2010, 08:57 AM

Updated : 24 Aug 2022, 07:18 PM

মনির হোসেন কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি বরগুনা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমতলী উপজেলার আঠারোগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী আছে ১৭৫ জন। কিন্তু তাদের শিক্ষক মাত্র দুই জন, এর মধ্যে একজন আবার প্রধান শিক্ষক। ফলে সেখানে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতিদিনের ক্লাস রুটিনে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঁচটি করে মোট ৩০টি ক্লাস রয়েছে। "কিন্তু দুজনের পক্ষে এতগুলো ক্লাস নেওয়া অসম্ভব ব্যাপার", বলেন তিনি। আক্তারুজ্জামান বলেন, "প্রধান শিক্ষক হিসেবে প্রশাসনিক কাজসহ অন্যান্য দাপ্তরিক কাজও রয়েছে। তাছাড়া মাসে গড়ে ৪ দিন উপজেলা সদরে অফিশিয়াল কাজে যেতে হয়। ওই কয়দিন একজন মাত্র শিক্ষক পুরো বিদ্যালয়ের দায়িত্বে থাকেন।" বিদ্যালয়ের অপর শিক্ষক আবদুল খালেক জানান, তারা দুজন যখন দুটি শ্রেণীকক্ষে থাকেন, তখন অপর শ্রেণীকক্ষে ছাত্র-ছাত্রীরা হৈ চৈ করে সময় পার করে। মিজানুর রহমান নামে বিদ্যালয়টিতে আরেক জন শিক্ষক কাগজে-কলমে থাকলেও দুই বছরের বেশি সময় ধরে তিনি অনুপস্থিত। তিনি ডিভি লটারি পেয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন বলে স্থানীয়রা জানান। বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী কুসুম কলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, "অনেকদিন ধরে স্যার নেই। তাই কোনো দিনই সব ক্লাস হয় না। এ বছর সমাপনী পরীক্ষা আছে, কিন্তু সিলেবাসই শেষ হবে না।" তৃতীয় শ্রেণীর জুঁই ও রীতা জানায়, দুজন শিক্ষক যখন অন্য ক্লাসে থাকেন, তখন তারা খেলাধূলা করে সময় কাটায়। আঠারগাছিয়া গ্রামে একটি মাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়। সবচেয়ে কাছের সোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ৯ কিলোমিটার দূরে। শিক্ষার্থীদের দুই অভিভাবক ডালিয়া আক্তার ও আবদুল মালেক হাওলাদার বলেন, তাই ছেলে-মেয়েদের অন্য স্কুলেও পাঠানো যাচ্ছে না। স্কুলের ব্যবস্থাপনা কমিটির সদস্য জালাল উদ্দিন হাওলাদার অভিযোগ করেন, শহরের কাছাকাছি নয় বলে তাদের স্কুলের দিকে কর্তৃপক্ষের নজর কম। "এ কারণেই গ্রামের শিশুরা লেখাপড়ায় পিছিয়ে পড়ছে", বলেন তিনি। এ বিষয়ে যোগাযোগ করা হলে আমতলী উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুরো উপজেলায় শিক্ষক সঙ্কট রয়েছে।" আঠারগাছিয়া প্রাথমিক বিদ্যালয়ের বিষয়টি উপজেলা শিক্ষা কমিটির আগামী সভায় উপস্থাপনের আশ্বাস দিয়েছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৪৫ ঘ.