২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়া আযিযুল হক কলেজে ভাংচুর

ছাত্র ভর্তিকে কেন্দ্র করে মঙ্গলবার বিকালে বগুড়া সরকারি আযিযুল হক বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষের কার্যালয় ও বাসায় ভাংচুর হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2010, 04:50 PM

Updated : 24 Aug 2022, 07:11 PM

বগুড়া, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্র ভর্তিকে কেন্দ্র করে মঙ্গলবার বিকালে বগুড়া সরকারি আযিযুল হক বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষের কার্যালয় ও বাসায় ভাংচুর হয়েছে। এ ছাড়া অবৈধভাবে ভর্তির অভিযোগ এনে ভর্তি বাতিলের দাবিতে কলেজ ছাত্রলীগ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কলেজের অধ্যক্ষ অধ্যাপক সালামত উল্লাহ বলেন, "ছাত্রলীগ নেতারা আজ (মঙ্গলবার) অবৈধভাবে অতিরিক্ত ভর্তির দাবি জানায়। এ বিষয়ে তাদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর অতিরিক্ত ছাত্র ভর্তি করা যাবে না বলায় তারা ক্ষিপ্ত হয়। "বৈঠক শেষ করে বাসায় চলে গেলে ছাত্রলীগ ক্যাম্পাসে মিছিল বের করে। এ সময় কে বা কারা আমার অফিস ও বাসায় ভাংচুর চালায়।" ভর্তি কার্যক্রম নিয়মমতো হয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, চলতি ২০০৯-২০১০ শিক্ষা বর্ষের ২৩টি বিভাগে অনার্স ১ম বর্ষে ভর্তির জন্য চার হাজার ৩২৫ জনের একটি মেধা তালিকা করা হয়। সে অনুযায়ী গত ২৫ জানুয়ারি থেকে ভর্তি শুরু হয়। চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ন-আহ্বায়ক কামরুল হুদা উজ্জ্বল বলেন, অধ্যক্ষ মেধার ভিত্তিতে ভর্তি না করে গোপনে অতিরিক্ত ১১৭ জনকে ভর্তি করেছেন। এ ছাড়া ভর্তির সময় অতিরিক্ত টাকাও গ্রহণ করেছেন। এসব ভর্তি বাতিলসহ অতিরিক্ত ফি আদায় বন্ধ করে মেধার ভিত্তিতে ভর্তি না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। ভাংচুরের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীরা জড়িত নয় বলে দাবি করেন তিনি। কলেজ ছাত্রদল সভাপতি শাহাবুল আলম পিপলু বলেন, অধ্যক্ষের সহযোগিতায় সোমবার ছাত্রলীগ অবৈধভাবে তাদের পছন্দের ছাত্রদের ভর্তি করায়। এর পাশাপাশি কিছু শিক্ষকও অবৈধ সুযোগ নিয়ে তাদের পছন্দের ছাত্রদের গোপনভাবে ভর্তি করায় । অধ্যক্ষের অফিস ও বাসায় হামলার জন্য তিনি ছাত্রলীগকে দায়ী করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩০ ঘ.