ঢাকা, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রদলের ডাকা ধর্মঘটের কারণে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ বিভাগেই ক্লাস হয়নি। শিক্ষার্থী উপস্থিতিও ছিল কম।
সকালের দিকে শিক্ষার্থী পরিবহণকারী বিশ্ববিদ্যালয়ের যানবাহনগুলোও ছাড়েনি। তবে কলাভবন ও কার্জন হল কেন্দ্রের পরীক্ষাগুলো হয়েছে।
এদিকে, ইসলামের ইতিহাসের ছাত্র আবু বকরের নিহত হওয়ার ঘটনায় চার দিনের কর্মসূচি দিয়েছে 'নির্যাতন বিরোধী ছাত্রছাত্রীবৃন্দ' ব্যানারে একদল শিক্ষার্থী।
বকরের মৃত্যুর জন্য দায়ীদের বিচার এবং ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর ওপর হামলার প্রতিবাদসহ ছয় দফা দাবিতে এ ধর্মঘট ডাকা হয়।
গত ১৮ জানুয়ারি ক্যাম্পাসে টুকুর ওপর হামলা হয়। এরপর গত ১ ফেব্র"য়ারি এ এফ রহমান হলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত হয়ে ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী আবু বকর পরে হাসপাতালে মারা যায়।
ধর্মঘটের সমর্থনে সকাল ৯টায় শাহবাগ আজিজ সুপার মার্কেটের সামনে থেকে মিছিল শুরু করে ছাত্রদল। মিছিলটি শাহবাগ ও নীলক্ষেত দিয়ে কয়েক দফা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা চালালেও পুলিশি বাধার মুখে তা হয়নি। পরে শাহবাগে সমাবেশ করে তারা।
সকালে কলাভবন ঘুরে গণযোগাযোগ ও সাংবাদিকতা, ইতিহাস, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতিসহ বিভিন্ন বিভাগের কার্যালয় ও সেমিনার কক্ষ বন্ধ দেখা যায়। কলাভবনে শিক্ষার্থীর উপস্থিতিও ছিলো হাতেগোনা। তবে দর্শন বিভাগে তৃতীয় বর্ষের একটি ক্লাস হয়।
ব্যবসায় প্রশাসন অনুষদেও অধিকাংশ ক্লাস হয়নি। ফিন্যান্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী সামিরা খন্দকার মোহনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের একটি ক্লাস হয়েছে। অন্য ক্লাসরুমগুলোও তালাবদ্ধ ছিলো।
বিজ্ঞান ও জীববিজ্ঞান অনুষদেও বেশিরভাগ ক্লাস হয়নি।
দুপুরের পরে বেশ কয়েকটি বিভাগে ক্লাশ হতে দেখা গেছে।
ঢাবির শিক্ষার্থী ও সাংস্কৃতিক সংগঠন স্লোগান'৭১ এর প্রতিষ্ঠাতা সদস্য সচিব শফিকুল ইসলাম মিল্টন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিক্ষার্থীরা এ ধর্মঘটকে মৌন সমর্থন দিয়েছে।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রদলের এ ধর্মঘট সত্ত্বেও কলাভবন ও কার্জন হল কেন্দ্রের পরীক্ষা নেয়ার ক্ষেত্রে কোন সমস্যা হয়নি। সকল পরীক্ষাই যথাসময়ে হয়েছে।
এদিকে ধর্মঘটের প্রতিবাদে দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রলীগ। বেলা বারোটার দিকে মধুর কেন্টিন থেকে মিছিলটি শুরু হয়ে অপরাজেয় বাংলার পাদদেশে গিয়ে শেষ হয়।
পরে সমাবেশে ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন ছাত্রলীগের মধ্যে ছাত্রদল ও শিবিরের অনুপ্রবেশকারীরাই এফ রহমান হলের এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে দাবি করেন।
ছাত্রলীগের এ প্রতিবাদ কর্মসূচিকে অমর একুশে হল, শহীদুল্লাহ হল, এফ এইচ হল এবং জিয়া হলের নেতাকর্মীরা অংশ নেয়নি।
'নির্যাতন বিরোধীদের' ৪ দিনের কর্মসূচি
বকরের নিহত হওয়ার ঘটনায় পাঁচ দফা দাবি ও চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে 'নির্যাতন বিরোধী ছাত্রছাত্রীবৃন্দ' ব্যানারের একদল শিক্ষার্থী।
সূর্যসেন হলের শিক্ষার্থী কাজল আবদুল্লাহ ওই ব্যানারের শিক্ষার্থীদের পক্ষে মধুর কেন্টিনে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ও দাবি ঘোষণা করেন।
২০০২ সালে শামসুন্নাহার হল আন্দোলন, ২০০৫ সালের হ্যাপি আন্দোলন, ২০০৮ সালের ছাত্র শিক্ষক মুক্তি আন্দোলনের সময় এ ব্যানারে একত্রিত হয়ে শিক্ষার্থীরা আন্দোলন করেছিল।
৫ দফা দাবির মধ্যে রয়েছে- আবু বকর হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার এবং তদন্ত কমিটি বাতিল, প্রক্টর ও এফ রহমান হলের প্রধ্যক্ষের অপসারণ এবং দায়িত্ব জ্ঞানহীন মন্তব্যের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্ষমা প্রার্থনা, ঘটনার সঙ্গে জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার এবং পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ, ক্যাম্পাসকে সন্ত্রাস ও দখলদারিত্বমুক্ত করা এবং আবু রকরের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দেওয়া।
এসব দাবি আদায়ে চার দিনের কর্মসূচির মধ্যে রয়েছে- ৭ ফেব্র"য়ারি সন্ধ্যায় টিএসসিতে প্রতিবাদী প্রামাণ্যচিত্র প্রদর্শনী, ৮ ফেব্র"য়ারি সকালে অপরাজেয় বাংলায় মানববন্ধন, ৯ ফেব্র"য়ারি প্রতিবাদি রোড পেইন্টিং ও পথনাটক এবং ১০ ফেব্র"য়ারি অপারাজেয় বাংলায় ছাত্র-শিক্ষক-বুদ্ধিজীবী সংহতি সমাবেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/জিএনএ/২২৩৫ ঘ.
bdnews24