২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৮ বোর্ডের ফলে ব্যাপক তারতম্য

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় সকল বিষয়ে পাসের ক্ষেত্রে ৮টি শিক্ষা বোর্ডের ফলে ব্যাপক তারতম্য রয়েছে। পাসের হারে এই তারতম্য মোট ফলকে প্রভাবিত করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2010, 02:45 PM

Updated : 25 Aug 2022, 07:53 PM

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় সকল বিষয়ে পাসের ক্ষেত্রে ৮টি শিক্ষা বোর্ডের ফলে ব্যাপক তারতম্য রয়েছে। পাসের হারে এই তারতম্য মোট ফলকে প্রভাবিত করেছে। বৃহস্পতিবার প্রকাশিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফল বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে। বরিশাল ও ঢাকা- এ দু'টি বোর্ডের ফলের তুলনায় অন্য ছয় বোর্ডে সকল বিষয়ে পাসের হারে ব্যাপক তারতম্য দেখা যায়। বরিশাল বোর্ডে সকল বিষয়ে পাসের হার ৮১ দশমিক ৭৫। ঢাকা বোর্ডে এ হার ৮০ দশমিক ৫৮। এ বছর জেএসসি পরীক্ষায় ৮টি বোর্ডে মোট পাসের হার ৭১ দশমিক ৩৪। তবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় উপ-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন এই ফলে সন্তাষ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী ফল ঘোষণা করেন। সকল বিষয়ে পাসের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে কুমিল্লা বোর্ড। এ বোর্ডে সকল বিষয়ে পাসের হার ৭৩ দশমিক ৫৬। তালিকায় প্রথম ও দ্বিতীয় অবস্থানে থাকা দুই বোর্ডের সাথে এ বোর্ডের পার্থক্য প্রায় ৭ শতাংশ। এরপর চতুর্থ অবস্থানে রয়েছে চট্টগ্রাম বোর্ড। সকল বিষয়ে এ বোর্ডে পাসের হার ৭০ দশমিক ২৬। পঞ্চম অবস্থানে থাকা রাজশাহী বোর্ড ৭ শতাংশ কম পেয়ে আরো পিছিয়ে গেছে। এ বোর্ডে সকল বিষয়ে পাসের হার ৬৩। ষষ্ঠ অবস্থানে রয়েছে যশোর বোর্ড। এ বোর্ডে সকল বিষয়ে পাসের হার ৬২ দশমিক ৪৫। এ তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে দিনাজপুর বোর্ড। এরপর অষ্টম অবস্থানে রয়েছে সিলেট বোর্ড। এ বোর্ডের পাসের হার ৬১ দশমিক ৯৭। ফলাফল পর্যালোচনায় দেখা যায়, বরিশাল ও ঢাকা বোর্ডে ফল ভালো হলেও অন্য বোর্ডে সকল বিষয়ে পাসের হার কম হওয়ায় মোট ফলাফলের ওপর এর প্রভাব পড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসআই/কেএমএস/২০৪১ ঘ.