রাজশাহী, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুনিয়ার স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় রাজশাহী বোর্ডে ১ হাজার ৫০৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
বোর্ডের অধীনে ১ লাখ ৫৬ হাজার ৮৪৮ হাজার শিক্ষার্থী নিবন্ধিত হয়ে পরীক্ষায় দেয় ১ লাখ ৪৩ হাজার ৭০৩ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯০ হাজার ৫৩৯ জন; পাসের হার ৬৩ শতাংশ।
জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ৮৯৭ জন ছেলে এবং ৬১১ জন মেয়ে রয়েছে। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির বিবেচনায় মেয়েদের তুলনায় ছেলেরা এগিয়ে রয়েছে।
ফলাফল ঘোষণা উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সেখানে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এসএমএ হুরাইরা ও সচিব আব্দুর রউফ মিয়া উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, নিবন্ধিত ৭৬ হাজার ৩৩৩ জন ছাত্রের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৭১ হাজার ৩৫০ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৬ হাজার ৬৩৫ জন। ছাত্রদের পাসের হার ৬৫ দশমিক ৩৬ শতাংশ।
পরীক্ষার জন্য ৮০ হাজার ৫১৫ জন ছাত্রী নিবন্ধিত হয়ে অংশ নেয় ৭২ হাজার ৩৫৩ জন। পাস করেছে ৪৩ হাজার ৯০৪ জন। ছাত্রীদের পাসের হার ৬০ দশমিক ৬৮ শতাংশ।
বোর্ডের অধীন ৩৬টি প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি।
পরীক্ষা নিয়ন্ত্রক এসএমএ হুরাইরা জানান, এসব প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে ব্যাখ্যা চাওয়া হবে। সন্তোষজনক উত্তর না পেলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
সেরা ২০ প্রতিষ্ঠান:
যেসব প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৪০ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছে সেগুলোর মধ্য থেকে বোর্ড সেরা ২০ প্রতিষ্ঠান নির্বচিত করা হয়েছে। এ তালিকার শীর্ষে রয়েছে পাবনা ক্যাডেট কলেজ; ৫৪ পরীক্ষার্থীর সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩৯ জন।
দ্বিতীয় স্থানে রয়েছে রাজশাহী ক্যাডেট কলেজ; ৫৫ জনের সবই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩৮ জন।
২৭৫ জনের মধ্যে ২৭২ জন পাস করে তৃতীয় হয়েছে বগুড়া সরকারি গার্লস হাইস্কুল। প্রতিষ্ঠানটির ১১৮ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। চতুর্থ স্থানে রয়েছে রাজশাহীর সরকারি ল্যাবরেটরি হাইস্কুল। প্রতিষ্ঠানের ১০৬ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ৫৪ জন।
তালিকায় পঞ্চম থেকে রয়েছে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, বগুড়া জেলা স্কুল, নওগাঁ সরকারি কেডি হাইস্কুল, নাটোর কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, পাবনা জেলা স্কুল, বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক হাইস্কুল, রাজশাহী কলেজিয়েট স্কুল, রাজশাহী সরকারি পিএন গার্লস হাইস্কুল, সিরাজগঞ্জের মমেনা আলী বিজ্ঞান স্কুল, সিরাজগঞ্জ সরকারি বিএল হাইস্কুল, জয়পুরহাট আরবি সরকারি হাইস্কুল, চাঁপাইনবাবগঞ্জের হেরিমহান সরকারি হাইস্কুল, পাবনা ইক্ষু গবেষণা হাইস্কুল, রাজশাহী সরকারি গার্লস হাইস্কুল এবং ২০তম হয়েছে পাবনা সরকারি গার্লস হাইস্কুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৭৩৬ ঘ.
bdnews24