জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের পাঁচ ইউনিটের (ক, ঘ, ঙ, চ, ছ) ক্লাস আগামী ১ জানুয়ারি শুরু হবে।
এছাড়া খ ও গ ইউনিটের ভর্তি পরীক্ষায় মেধাতালিকার প্রার্থীদের সাক্ষাৎকার আগামী ৩ ও ৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সংশ্লিষ্ট ডিন অফিসে এ সাক্ষাৎকার হবে বলে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, খ ও গ ইউনিটে মেধাতালিকায় উত্তীর্ণদের সাক্ষাৎকারের আসার সময় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল নম্বরপত্র, প্রশংসাপত্র এবং ভর্তির বিবরণপত্রে বর্ণিত অন্য কাগজপত্রসহ উপস্থিত থাকতে হবে।
এই দুই ইউনিটের ক্লাশ শুরুর তারিখ পরবর্তীতে জানানো হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবুল কালাম আজাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২২১৯ ঘ.
bdnews24