রাজশাহী বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আনন্দ কুমার সাহাকে হুমকি দিয়ে একটি খাম পাঠানো হয়েছে।
খামের ভিতর একটি আগরবাতি, কিছু করপুর, এক টুকরো চন্দন কাঠ ও কিছু মাটি ছিল বলে জানান প্রাণিবিদ্যা বিভাগের এই শিক্ষক।
ড. আনন্দ কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কোয়ার্টারের বাসার সামনে তিনি নাম ঠিকানাবিহীন একটি খাম পান। খামের ভিতর ওই জিনিসগুলো ছিল।
শুক্রবার তিনি মতিহার থানায় তিনি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
তিনি দাবি করেন, গত ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ক্যাম্পাসে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে তিনি যুদ্ধাপরাধীদের বিচার দাবি করেন। এতে স্বাধীনতা বিরোধী শক্তি যুদ্ধাপরাধীদের সমর্থকরা হুমকি দিতে এগুলো পাঠিয়েছে।
মতিহার থানার ওসি আবুল খায়ের বলেন, পুলিশ প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৯৩৬ ঘ.
bdnews24