টাঙ্গাইল, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রতি কটূক্তি করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক চৌধুরী জুলফিকার মতিনের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে।
রোববার দুপুরে টাঙ্গাইলের বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন মওলানা ভাসানীর নাতি ও মওলানা ভাসানী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু।
বিচারক ওয়াজ আল করনী আসামিকে আদালতে হাজির হওয়ার আদেশ দিয়ে আগামী ৭ মার্চ মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন।
মামলার বিবরণে জানা যায়, গত ১৪ ডিসেম্বর রাবির সিনেট ভবনে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় জুলফিকার মতিন বলেছেন, 'মওলানা ভাসানী ছিলেন মানসিক ভারসাম্যহীন। তার মাথা ঠিক ছিল না। তিনি সব সময় পাগলের প্রলাপ বকতেন। তিনি মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানী হানাদার বাহিনীর গুপ্তচর ছিলেন।'
তার এই বক্তব্য গত ১৫ ডিসেম্বর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়।
এতে মওলানা ভাসানীর প্রতি চরম অসম্মান-অশ্রদ্ধা প্রদর্শন করা হয়েছে। ফলে বাদী, বাদীর পরিবার এবং দেশের জনগণের মানহানি ঘটেছে বলে দাবি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৯২৭ ঘ.
bdnews24