ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্ঘটনায় ছাত্র আহত হওয়ার জের ধরে এজন্য দায়ী প্রাইভেট কারটি জ্বালিয়ে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এছাড়া এ ঘটনায় ক্যাম্পাসে আরো ১৫টি প্রাইভেট কার ভাংচুর করেছে তারা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে পৌনে ২টার মধ্যে শহীদ মিনার-টিএসসি সড়কে ১০টি প্রাইভেট কারে ভাংচুর চালানো হয়। প্রায় একই সময়ে দুপুর সাড়ে ১২টার দিকের ওই দুর্ঘটনার জন্য দায়ী প্রাইভেট কারটি জ্বালিয়ে দেয় শিক্ষার্থীরা। এর আগে প্রাইভেট কারটি দুই দফায় ভাংচুর করে শিক্ষার্থীরা।
এ ছাড়া দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে দোয়েল চত্বরের সামনে তিনটি, জগন্নাথ হলের সামনে একটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে একটি প্রাইভেট কার ভাংচুর করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ও শামসুন্নাহর হলের মাঝের রাস্তায় একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ২৫-৮১৬৫) নিয়ে চালক মালিকের মেয়েকে গাড়িচালনা প্রশিক্ষণ দিচ্ছিলেন।
এসময় গাড়িটির ধাক্কায় সাধন কুমার দাশ নামের বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র গুরুতর আহত হন। এ ঘটনার পর ছাত্ররা গাড়িটির চালক, মালিকের মেয়ে ও গাড়িতে থাকা তার দুই বান্ধবীকে আটক করে আহত সাধনসহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাধনের চিকিৎসা শুরু হওয়ার পর ওই চারজনকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।
তিনি বলেন, "এ সময় গাড়িটি জরুরি বিভাগের সামনে রাখা ছিলো। হঠাৎ ছাত্ররা গাড়িটি ভাংচুর শুরু করে।"
প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় এনটিভির ঢাকা মেডিকেল প্রতিনিধি আল-আমিন ভাংচুরের ছবি তুলতে গেলে তার ক্যামেরা ছিনিয়ে নেয় ছাত্ররা। এ সময় তাকে মারধরও করে তারা।
আল-আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি ছবি তুলতে গেলে তারা ক্যামেরা ছিনিয়ে নিয়ে আমাকে মারধোর করে। এক পর্যায়ে তারা আমার অফিসের পরিচয়পত্রও ছিনিয়ে নেয়।"
শাহবাগ জোনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) শহীদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০-৩০ জন ছাত্র গাড়িটি ভাংচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ভাংচুরের পর দুপুর পৌনে ২টার দিকে প্রাইভেট কারটি পুলিশ রেকার দিয়ে হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলো। তখন ১৫-২০ জন ছাত্র রড ও লাঠি নিয়ে এসে আবারো ভাংচুর করে। এক পর্যায়ে তারা গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। প্রায় ২০ মিনিট পর আগুন নেভানো সম্ভব হয়।
এ সময় হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহত সাধন বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) ব্রজেন্দ্রনাথ ভদ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রাইভেট কারটির চালক জাবেদ, গাড়িচালনা প্রশিক্ষণার্থী তামুনি হক শাহবাগ থানা পুলিশের কাছ থেকে পালিয়ে গেছে। দুর্ঘটনার সময় গাড়িটির পেছনের আসনে থাকা তামুনির দুই বান্ধবী উপমা ও প্রমিকে শাহবাগ থানায় আটক রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমআই/১৪৪৫ ঘ.
bdnews24