জয়পুরহাট, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার দ্বিতীয় দিন বুধবার জয়পুরহাট সদর উপজেলার ১০টি কেন্দ্রের দুই হাজার ৭৩৮ জন পরীক্ষা দিতে আসেনি।
অনুপস্থিতদের মধ্যে এক হাজার ৬৬৮ জন হচ্ছে বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও) পরিচালিত আনন্দ স্কুলের শিক্ষার্থী।
জেলায় এবার ৩৬টি কেন্দ্রে ১৩ হাজার ৯১৪ জন প্রাথমিক এবং তিন হাজার ৩৫১ জন ইবতেদায়ী পরীক্ষার্থী অংশ নেয়।
ঝরে পড়া শিক্ষার্থীদের সান্ধ্যকালীন স্কুল হচ্ছে আনন্দ স্কুল।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানায়, জয়পুরহাট জেলায় স্থানীয় এনজিওর মাধ্যমে পরিচালিত ১৪১টি আনন্দ স্কুলের তিন হাজার ৩৭৩ জন শিক্ষার্থী এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার জন্য নিবন্ধন করে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবুয়ত হোসেন সাংবাদিকদের বলেন, প্রথম দিনের পরীক্ষায় জয়পুরহাট পৌর শহরের রামদেও বাজলা (আরবি) সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে আনন্দ স্কুলের ৭১ জন ভুয়া পরীক্ষার্থীকে আটক করে পরে অবিভাবকের মুচলেকা নিয়ে ছেড়ে দেয় স্থানীয় প্রশাসন।
দ্বিতীয় দিনের পরীক্ষায় জেলার বিভিন্ন কেন্দ্রে দুই হাজার ৭৩৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকে। যাদের মধ্যে এক হাজার ৬৬৮ জন হল আনন্দ স্কুলের।
প্রথম দিনের ঘটনায় জড়িত শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট স্কুল ও এনজিওগুলোর বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।
সদর উপজেলার বিল্লা ইয়াকুবিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বরত সহকারী হল সুপার মাহফুজার রহমান বলেন, "সদরের দোগাছি ইউনিয়নের খোনাপাড়া গ্রামের রবিনের ছেলে পরিচয় গোপন করে মুকুল হোসেন, পিতা-তমেজ উদ্দিন, মা-রেখা বানু পরিচয়ে পরীক্ষা দিতে আসে। প্রবেশপত্র দেখার সময় ওই শিক্ষার্থী খাতা রেখে পালিয়ে যায়।
সে খোনাপাড়া আনন্দ স্কুলের হয়ে পরীক্ষা দিতে এসেছিল। ওই কেন্দ্রে দ্বিতীয় দিন ১৯০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
জয়পুরহাট সদর থানার ওসি আবু হেনা মোস্তফা কামাল বলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া গেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে আনন্দ স্কুলের ভুয়া পরীক্ষার্থীর খবর শুনে তহবিল প্রদানকারী সংস্থা রিচিং আউট অফ স্কুল চিলড্রেন (রস্ক) প্রকল্পের কনসালটেন্ট আ. ন. স. হাবিবুর রহমান বুধবার জয়পুরহাট আসেন।
তিনি সাংবাদিকদের বলেন, "যেসব স্কুলের পরীক্ষার্থী ভূয়া বলে প্রমাণিত হবে তাদের ছয় মাসের ফান্ড বন্ধ করে দেওয়া হবে।"
তাৎক্ষণিকভাবে তিনি শালপাড়া আনন্দ স্কুল পরিদর্শন করে অনিয়ম পেয়ে সেটি বন্ধ করে দেন বলেও জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০০ ঘ.
bdnews24