চট্টগ্রাম, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) উপাচার্য হিসাবে ড. এএস মাহফুজুল বারিকে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
এর আগে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি সায়েন্স অনুষদের প্যাথলজি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
সিভাসুর জনসংযোগ কর্মকর্তা খলিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অধ্যাপক মাহফুজুল বারি বুধবার নতুন উপাচার্য হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার তিনি বিশ্ববিদ্যালয়ে আসবেন।"
গত ৪ নভেম্বর উপাচার্য হিসাবে অধ্যাপক ড. নীতিশ চন্দ্র দেবনাথের মেয়াদ শেষ হওয়ার পর এ পদটি খালি ছিল। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক চৌধুরী আলাউদ্দিন ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।
অধ্যাপক মাহফুজুল বারীর বাড়ি টাঙ্গাইল জেলায়। তিনি ১৯৭২ সালে এসএসসি, ১৯৭৪ সালে এইচএসসি পাস করেন। ১৯৭৯ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি অর্জন করেন।
একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি ১৯৮১ সালে এমএস ডিগ্রি লাভ করেন। পরে ১৯৮৯ সালে যুক্তরাজ্যের লিভারপুল ইউনিভার্সিটি থেকে ভেটেরিনারি প্যাথলজি বিষয়ে পি. এইচ.ডি. ডিগ্রি অর্জন করেন।
গত বছর ডিসেম্বর থেকে ছাত্রলীগ সাবেক উপাচার্য অধ্যাপক নীতিশ চন্দ্র দেবনাথের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছিল।
নীতিশ চন্দ্র দেবনাথ উপাচার্যের দায়িত্ব পালন শেষে বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/জেবি/পিডি/১৯৫২ ঘ.
bdnews24