২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে ছুটির সুযোগে ফের গাছ কাটা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঈদুল আযহার ছুটির মধ্যে আবারও গাছ কাটা শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2010, 09:17 AM

Updated : 25 Aug 2022, 07:37 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঈদুল আযহার ছুটির মধ্যে আবারও গাছ কাটা শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় বন্ধের সুযোগে এই গাছ কাটা হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্যাম্পাসের বাসিন্দারা। এর আগেও সৌন্দর্য বর্ধনের অজুহাতে গ্রীষ্মের ছুটি এবং ঈদুল ফিতরের ছুটির মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে শতাধিক গাছ কাটা হয়। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট সংলগ্ন সড়ক দ্বীপে গাছ কাটা শুরু হয়। প্রায় ১৫টি গাছ ইতিমধ্যে কেটে ফেলা হয়েছে এবং আরো ২০ টি গাছ কাটার প্রস্তুতি চলছে। বিশ্ববিদ্যালয় বন্ধের সুযোগে গাছ কাটার সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক-শিক্ষার্থী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দর্শন বিভাগের শিক্ষক রায়হান রাইন বলেন, "গাছ কাটার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষক-শিক্ষার্থী কারো মতামতের প্রয়োজন মনে করেনি। বন্ধ ক্যাম্পাসে গাছ কাটার বিষয়টি প্রশাসনের অস্বচ্ছ মনোভাবের বহি:প্রকাশ।" বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক কামাল উদ্দিন লিমন বলেন, "বর্তমান প্রশাসন কথা দিয়েছিল ক্যাম্পাসে আর কোন গাছ কাটবে না। অথচ অতীতের মত বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার সাথে সাথেই তারা আবারো চোরের মত গাছ কাটা শুরু করেছে।" বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রার (এষ্টেট) এ বি এম আজিজুর রহমান বলেন, "এসব গাছ কাটার সিদ্ধান্ত অনেক আগের।" তিনি বলেন, "বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে কেন্দ্রীয় শহীদ মিনার নজরে আসার সুবিধার জন্য এবং সড়ক দ্বীপের সৌন্দর্য বর্ধনের জন্য এসব গাছ কাটা হচ্ছে।" এবার বন্ধের মধ্যে প্রায় ৩০ টি গাছ কাটা হবে বলে তিনি জানান। বিশ্ববিদ্যালয়ে ঈদুল আযহার ছুটি শুরু হয়েছে ১০ নভেম্বর। চলবে ২১ নভেম্বর পর্যন্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৫১১ ঘ.