২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে ভর্তি ২৪ ও ২৫ নভেম্বর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ ও ২৫ নভেম্বর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2010, 06:31 AM

Updated : 25 Aug 2022, 07:36 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ ও ২৫ নভেম্বর। এর আগে ২২-২৩ নভেম্বর মেধা ও পছন্দক্রম অনুযায়ী ভর্তি ফরম সরবরাহ করা হবে। শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১০-২০১১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ক, ঘ, ঙ, চ, ছ ইউনিটের মেধা তালিকার ছাত্রছাত্রীদের ভর্তির সময়সূচি ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মেধা তালিকায় উত্তীর্ণ প্রার্থীদের কাগজপত্র ইউনিট অফিসে যাচাই বাছাই করা হবে ২২ ও ২৩ নভেম্বর। এসময় মেধা ও পছন্দক্রম অনুযায়ী বিভাগের নির্ধারিত আসনসংখ্যা অনুযায়ী ভর্তি ফরম সরবরাহ করা হবে। ভর্তি ফরম সংগ্রহকারী শিক্ষার্থীদের ২৪ ও ২৫ নভেম্বর ভর্তি হতে হবে। ২৮ নভেম্বর শূন্য আসনের বিপরীতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী বিভাগ পরিবর্তন করা যাবে। অপেক্ষা তালিকার ১ হতে ১০০০ পর্যন্ত প্রার্থীদের ২৯ নভেম্বর থেকে ০১ ডিসেম্বর ২০১০ পর্যন্ত এবং ১০০১ থেকে ২০০০ পর্যন্ত প্রার্থীদের ৫ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত ইউনিট অফিসে প্রয়োজনীয় কাগজপত্রসহ যাচাই বাছাইয়ের জন্য উপস্থিত হতে হবে। ক, ঘ, ঙ, চ, ছ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্য থেকে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় ভর্তিচ্ছু প্রার্থীদের ২২-২৫ নভেম্বরের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। internet explorer-এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের www.juniv.edu ওয়েবসাইটে প্রবেশ করে admission test 2010-2011>admission notice-এ গিয়ে ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, খ ও গ ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরে জানানো হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১২২৪ ঘ.