২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ১১ স্কুল শিক্ষক ১০ ঘণ্টা অবরুদ্ধ

প্রধান শিক্ষক নিয়োগ ও ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে নওগাঁর মান্দা উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের ১১ শিক্ষককে ১০ ঘণ্টা অবরুদ্ধ করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2010, 07:08 PM

Updated : 25 Aug 2022, 07:33 PM

নওগাঁ, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান শিক্ষক নিয়োগ ও ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে নওগাঁর মান্দা উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের ১১ শিক্ষককে ১০ ঘণ্টা অবরুদ্ধ করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। শনিবার সকাল সাড়ে ১২টায় অবরুদ্ধ করা হয় শিক্ষকদের। রাত সাড়ে ১০টার দিকে পুলিশ এসে তাদের উদ্ধার করে। এলাকাবাসী ও পুলিশ জানায়, প্রধান শিক্ষক নিয়োগ ও ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল বেশ কিছুদিন ধরে। শনিবার এসএসসি পরীক্ষার ফরম পূরণে নতুন নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক সুরুত আলীর বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ এনে এলাকাবাসী ও অভিভাবকরা বিদ্যালয়ের একটি কক্ষে বেলা সাড়ে ১২টা থেকে শিক্ষকদের তালা দিয়ে আকটে রাখে। প্রধান শিক্ষক সুরুত আলী ও অফিস সহকারী ফিরোজ আহমেদ কৌশলে বের হয়ে গেলেও অবরুদ্ধ হয়ে পড়েন সহকারী প্রধান শিক্ষক আব্দুল জব্বার, সহকারী শিক্ষক আব্দুস সাত্তার, সুদেব চন্দ্র, শাহজামাল হক, সেকেন্দার আলী, মসলেম উদ্দিন, আবুল কালাম, গুলজার হোসেন, মোজাফ্ফর হোসেন, এনামুল হক ও জাবের আলী। খবর পেয়ে মান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) নাঈমুল ইসলাম সন্ধ্যা সাড়ে ৬টায় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। রাত সাড়ে ১০টায় থানার ওসি একেএম খালেকুজ্জামান এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। একেএম খালেকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, রোববার নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে এ বিষয়ে সমঝোতা বৈঠকের আশ্বাসের মাধ্যমে সাড়ে ১০টায় আটক শিক্ষকদের উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পৌঁছে তিনি তিনশ'র বেশি মানুষ দেখেন বলে জানান। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্সী মনিরুজ্জামান রাত ৯টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনাটি শুনেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।" এ ব্যাপারে প্রধান শিক্ষক সুরুত আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪৬ ঘ.