ইসলামী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পর সরকার সমর্থক ছাত্রলীগের দুই দল কর্মী শনিবার সংঘাতে জড়িয়ে পড়ে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়েও।
দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে দু'পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় গুলির শব্দও পাওয়া যায়। তবে এতে কেউ আহত হয়নি।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, গ্রন্থাগার ভবনের কাছে একটি দোকানে চা খাওয়ার সময় ছাত্রলীগের মাহবুব-গাফফার পক্ষের এক কর্মীর সঙ্গে সভাপতি-সাধারণ সম্পাদক পক্ষের কর্মীদের তর্কাতর্কি হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে দুপুর ২টার দিকে মাহবুব-গাফফার পক্ষের ১০/১২ জন নেতাকর্মী মোহাম্মদ আলী শিমুলের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সভাপতি-সাধারণ সম্পাদক পক্ষের কর্মীদের ধাওয়া দেয়।
তখন সভাপতি-সাধারণ সম্পাদক পক্ষের নেতাকর্মীরা পাল্টা ধাওয়া দিলে মাহবুব-গাফফার পক্ষের কর্মীরা বঙ্গবন্ধু হলের দিকে চলে যায়। ওই সময় দুই রাউন্ড গুলির শব্দ শোনা যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান তুহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দু'কর্মীর মধ্যে বাককিতণ্ডা হওয়ায় এ ঘটনা ঘটে। পরে তা মীমাংসা করা হয়েছে।"
ভর্তি পরীক্ষার সময় শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৮৩১ ঘ.
bdnews24