২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খ-ইউনিটের পরীক্ষা বাতিলের সম্ভাবনা নেই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ-ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিলের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2010, 08:54 AM

Updated : 25 Aug 2022, 07:30 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ-ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিলের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মোবাইল ফোন ব্যবহার করে অসদুপায় অবলম্বনের অভিযোগে র‌্যাব শুক্রবার আটজনকে গ্রেপ্তার করার পরিপ্রেক্ষিতে শনিবার এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ এ কথা জানায়। এই পরিস্থিতিতে পরীক্ষা বাতিল করা হবে কিনা-এ প্রশ্নের জবাবে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক সাংবাদিকদের বলেন, "পরীক্ষা বাতিলের কোনো সুযোগ নেই। কেননা, কারচুপি করার অগেই র‌্যাবের সহযোগিতায় প্রতারকদের ধরা হয়েছে।" তিনি জানান, ভবিষ্যতে আর কোনো পরীক্ষায় কাউকে কোনোভাবেই মোবাইল ফোন নিয়ে হলে আসতে দেওয়া হবে না। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান, সহকারী প্রক্টর অধ্যাপক আমজাদ আলী প্রমুখ। শুক্রবার ঢা.বি. খ-ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। র‌্যাব যাদের গ্রেপ্তার করেছে তারা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ পাশ করা আমিনুল ইসলাম, আনোয়ার হোসেন জনি (মার্কেটিং শেষ বর্ষ), নজরুল ইসলাম (রাষ্ট্রবিজ্ঞান শেষ বর্ষ), সোহেল রানা (রাষ্ট্রবিজ্ঞান শেষ বর্ষ), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি শেষ বর্ষের ছাত্র শাহদত হোসেন লিটন, কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ছাত্র বাচ্চু মিয়া, বরিশাল বিএম কলেজের ছাত্র মো. শাহজাদা এবং মো. জামাল উদ্দিন (পরিচয় জানা যায়নি)। পরীক্ষার দিন সকাল ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউটের ২০১ নম্বর কক্ষ থেকে প্রথমে এ চক্রের হোতা আমিনুলকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার করা হয় অপর সাতজনকে। র‌্যাব জানায়, খ-ইউনিটে ভর্তির আবেদনপত্র জমা দেওয়ার সময় এরা তাদের সহযোগী আমিনুল ইসলামের ছবি এক পরীক্ষার্থীর ফরমে বসিয়ে দেন। ওই পরীক্ষার্থীর নামের প্রবেশপত্র নিয়ে আমিনুল ইসলাম শুক্রবার পরীক্ষার হলে ঢোকেন। প্রশ্নপত্র হাতে পেয়ে আমিনুল বাইরে তার সাত সহযোগীর অন্যতম নজরুলকে মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে উত্তরগুলো পাঠিয়ে দেন। নজরুল ওই উত্তরগুলো বাকি ছয়জনকে দেন। এরপর তারা সাতজন মিলে মোবাইল ফোনে এসএমএস করে উত্তরগুলো পরীক্ষার হলে তাদের 'ক্লায়েন্ট' ৪০ পরীক্ষার্থীকে সরবরাহ করেন। র‌্যাব আরো জানায়, এ বছর এ চক্রের 'ক্লায়েন্ট' ছিল ৪০ জন পরীক্ষার্থী। প্রত্যেকের কাছ থেকে তারা ৩০ থেকে ৪০ হাজার টাকা করে নেয়। এই আটজন রাজধানীর পলাশীতে একটি ভাড়া করা ফ্ল্যাটে থাকতেন। গ্রেপ্তার হওয়া আমিনুল স্বীকার করেছেন যে, এর আগে একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে পাশাপাশি আসনে বসা পরীক্ষার্থীদের সাহায্য করে তিনি প্রায় ১৫ লাখ টাকা পেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিসি/কেএমএস/১৪৪১ ঘ.