নাটোর, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোরে কলেজ শিক্ষক মিজানুর রহমান হত্যাকাণ্ডের 'মূল হোতা' আব্দুল আওয়াল রাজনকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ১২ অক্টোবর নাটোরের বাগাতিপাড়ার লোকমানপুরে ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় লোকমানপুর কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মিজানুর রহমানের গায়ে মটরসাইকেল তুলে দেয় বখাটেরা।
ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ২৪ অক্টোবর মিজানুর মারা যান।
রাজন এই ঘটনার মূল হোতা বলে অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে বাগাতিপাড়া থানা পুলিশ রাজনকে নাটোর শহরের বড় হরিষপুর শের-ই বাংলা স্কুলের সামনে চাচা লিয়াকতের বাসা থেকে গ্রেপ্তার করে।
জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) নাসিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাজনকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।"
মিজানুর হত্যার ঘটনায় এর আগে আসিফ নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করতে মঙ্গলবার তিনদিনের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়।
পুলিশ জানায়, মোবাইল ফোনের সহায়তায় রাজনের অবস্থান নিশ্চিত হয়ে মামলার তদন্ত কর্মকর্তা আব্দুর রহিম সন্ধ্যায় শহরের বড়হরিশপুরে অবস্থান নেয়।
এ সময় রাজন তার চাচা লিয়াকত আলীর বাড়ি থেকে ঢাকা যাওয়ার জন্য বের হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর তাকে নাটোরের পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে নাটোরের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপারিনটেনডেন্ট নাসিরুল ইসলাম, বাগাতিপাড়া থানার ওসি আব্দুস সালাম ও তদন্ত কর্মকর্তা আব্দুর রহিম তাকে জিজ্ঞাসাবাদ করছিলেন।
সন্ধ্যা সাড়ে ছয়টায় তাকে সাংবাদিকদের মুখোমুখি করা হয়। গ্রেপ্তার হওয়া রাজন জেলার বাগাতিপাড়া উপজেলার বেগুনিয়া গ্রামের মুনছুর রহমানের ছেলে।
গ্রেপ্তারের পর রাজন সাংবাদিকদের কাছে নিজেকে নির্দোষ দাবি করেন। তবে তার বিরুদ্ধে একটি হত্যা মামলা চালু থাকার কথা তিনি স্বীকার করেন।
দায়িত্বপ্রাপ্ত এসপি নাসিরুল ইসলাম বলেন, শিক্ষক মিজানুর রহমান মারা যাওয়ার পর থেকে মামলার প্রধান আসামি রাজন আত্মগোপন করেন। তাকে গ্রেপ্তারের জন্য গত কয়েক দিন বরিশাল ও চট্রগ্রামে অভিযান চালানো হয়।
তিনি জানান, মোবাইল ফোনের সহায়তায় তার গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছিলো। সর্বশেষ বৃহস্পতিবার দুপুরে তারা নিশ্চিত হন রাজন সন্ধ্যা নাগাদ নাটোরে আসবে।
এসপি আরো জানান, শুক্রবার আদালতে হাজির করে রাজনকে আরো জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন করা হবে।
প্রধানমন্ত্রীর সঙ্গে মিজানের স্ত্রীর সাক্ষাৎ ১ নভেন্বর
মিজানুর রহমানের স্ত্রী রাজিয়া সুলতানা মিলি আগামী ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার তেজগাঁও কার্যালয়ে সাক্ষাতের অনুমতি পেয়েছেন।
বুধবার রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম এ কথা জানিয়ে মিজানের পরিবারদের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
তিনি মিজানের স্ত্রীর শিক্ষাগত যোগ্যতা অনুসারে চাকরির ব্যাপারে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিধি/এমএসবি/২১২২ ঘ.
bdnews24