ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে শুক্রবার।
প্রথম দিন 'খ' ইউনিটের অধীন কলা অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ও ক্যাম্পাসের বাইরের ৬৩টি কেন্দ্রে পরীক্ষা শুরু হবে।
মোবাইল ফোন ও ইলেকট্রনিক্স রিসিভার নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করা যাবে না বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
শিক্ষার্থীদের আসন বণ্টন ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট admission.univdhaka.edu থেকে জানা যাবে।
ইতোমধ্যে কলা ভবনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আসন বিন্যাস টানিয়ে দেওয়া হয়েছে।
এছাড়া শিক্ষার্থীরা বাংলালিংক, রবি, ওয়ারিদ ও সিটিসেল মোবাইল অপারেটরে এসএমএস করেও নিজের আসন সম্পর্কে জানতে পারবে।
এজন্য DU স্পেস Unit Name স্পেস Roll No লিখে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি এসএমএসের মাধ্যমে আসনের অবস্থান জানা যাবে।
এবার 'খ' ইউনিটে ২৮ হাজার ৪২২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে বলে কলা অনুষদের ডীন অধ্যাপক সদরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
এ অনুষদে এবার ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে ২,২৫০ জন। প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় অবতীর্ণ হচ্ছে ১৩ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২০০৫ ঘ.
bdnews24