২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইবি শিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহার দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছিত হওয়ার জেরে শিক্ষকদের ক্লাশ-পরীক্ষা বর্জন ও কর্মবিরতি প্রত্যাহারের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2010, 12:31 PM

Updated : 25 Aug 2022, 07:29 PM

ইসলামী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছিত হওয়ার জেরে শিক্ষকদের ক্লাশ-পরীক্ষা বর্জন ও কর্মবিরতি প্রত্যাহারের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। বুধবার এ দাবি জানিয়ে কয়েকটি ছাত্র সংগঠন ক্যাম্পাসে সমাবেশ ও সংবাদ সম্মেলন করে। গত বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন বিভাগের আলমগীর হোসেন ও সাদেক আলী নামের দুই প্রভাষককে চিকিৎসা কেন্দ্রের শাখা কর্মকর্তা রিপন হাসান, ফলিত খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগের শাখা কর্মকর্তা হারুনুর রশিদ ও সহকারী রেজিস্ট্রার জামাল হোসেন মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর জেরে শিক্ষক সমিতি চারদফা দাবিতে গত শনিবার (২৩ অক্টোবর) থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাশ-পরীক্ষা বর্জন ও কর্মবিরতি পালন করে আসছে। শিক্ষকদের এই কর্মসূচরি প্রত্যাহারের দাবিতে সকাল ১১টায় ক্যাম্পাসে সমাবেশ করে ছাত্রলীগ, ছাত্রলীগ (জাসদ) ও ছাত্র মৈত্রী। সমাবেশে বক্তারা শিক্ষকদের কর্মসূচি স্থগিত করে ক্লাস-পরীক্ষা নেওয়ার জন্য একদিন সময় বেঁধে দেন। তা না হলে আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুমকি দেন তারা। সমাবেশে বক্তব্য দেন- বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক শামসুজ্জামান তুহিন, জাসদ সমর্থিত ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম পটলা প্রমুখ। একই দাবিতে বেলা ১২টায় এই তিন সংগঠন একটি সংবাদ সম্মেলনও করে। এ ব্যাপারে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. এস এম রেজওয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছাত্রদের ক্লাশ-পরীক্ষার দাবি যৌক্তিক এবং আমরা তাদের দাবির পক্ষে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যত তাড়াতাড়ি আমাদের দাবি মেনে নেবে আমরা তত দ্রুত কর্মসূচি প্রত্যাহার করব।" শিক্ষক সমিতির চার দাবি হল- অভিযুক্ত তিনজনকে সাময়িক বরখাস্ত করা, আইনগত প্রক্রিয়ার মাধ্যমে স্থায়ী বরখাস্ত করা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাদী হয়ে মামলা করা এবং লাঞ্ছিত দুই শিক্ষককে নিরাপত্তাসহ ক্ষতিপূরণ দেওয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১৭ ঘ.