গাইবান্ধা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির আওতায় স্কুল ফিডিং প্রকল্পের বিস্কুট খেয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে অন্তত ৫৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।
বুধবার গোবিন্দগঞ্জ উপজেলার কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে শিক্ষক ও শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন।
এ ঘটনার পর অন্যান্য বিদ্যালয়ে বিস্কুট বিতরণ বন্ধ করে দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলুল করিম বলেন, "শিক্ষার্থীরা ওই বিস্কুট খাওয়ার পর পেটে ও বুকে তীব্র ব্যাথা শুরু হয়।"
অসুস্থদের সবাই প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। এর মধ্যে ৩৮ জনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এদের মধ্যে ২১ জনের নাম জানা গেছে।
এরা হলো- আরিফা, মরিয়ম, আল আমিন, লাবণী, সুজন, পাপুল, উজ্জ্বল, রোমানা, শিমু, রনজিৎ, আঁখি, রিপন, আশেদা, মুক্তা, জেমি, শাকিলা, জাকিয়া, মিম, সনি, জেসমিন ও সাথী।
গোবিন্দগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে কালিতলা বিদ্যালয়ের প্রথম পালায় (৯টা থেকে ১২টা) প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা বিস্কুট খেয়ে অসুস্থ হয়ে পড়ে।
গোবিন্দগঞ্জের ২৫৫টি বিদ্যালয়ে ২০০৮ সাল থেকে বিশ্ব খাদ্য কর্মসূচির এই প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে স্থানীয় বেসরকারি সংস্থা রংপুর-দিনাজপুর রুরাল সার্ভিস (আরডিআরএস) বাংলাদেশ।
এ বিষয়ে আরডিআরএস এর কর্মসূচি সমন্বয়ক প্রণব মুখার্জির সঙ্গে যোগাযোগ করে তার বক্তব্য পাওয়া যায়নি।
তবে সংস্থার এই প্রকল্পের ব্যবস্থাপক তপন সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে দাবি করেছেন, "বাচ্চারা সকালে কিছু না খেয়ে স্কুলে এসেছে। খালি পেটে বেশি বিস্কুট খাওয়াতে তারা অসুস্থ হয়েছে পড়েছে।"
কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জানান, বিতরণ করা বিস্কুটের প্যাকেটগুলোতে কালো ও নীল রংয়ের মনোগ্রাম রয়েছে।
কালো রংয়ের মনোগ্রামের প্যাকেটের বিস্কুট খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। বিস্কুটগুলো প্রায় চার মাস আগের তৈরি বলে তিনি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল ওয়াহেদ বলেন, "বিতরণ করা বিস্কুটের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে উপজেলার সব বিদ্যালয়ে বিস্কুট বিতরণ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।"
তিনি জানান, বিস্কুটের প্যাকেটগুলো খোলা অবস্থায় ছিলো বলে ওই বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানিয়েছে।
গত বছরের জুনে খাগড়াছড়ি ও বরগুনায় এই প্রকল্পের বিস্কুট খেয়ে প্রায় এক হাজার শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিলো। তবে এ ঘটনায় কেউ মারা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭১০ ঘ.
bdnews24