২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইবির দুই শিক্ষক লাঞ্ছিত

ইসলামী বিদ্যালয়ের তিন কর্মকর্তার বিরুদ্ধে দুই শিক্ষককে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2010, 05:10 PM

Updated : 25 Aug 2022, 07:26 PM

ইসলামী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইসলামী বিদ্যালয়ের তিন কর্মকর্তার বিরুদ্ধে দুই শিক্ষককে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন বিভাগের আলমগীর হোসেন ও সাদেক আলী নামের দুই প্রভাষককে কক্ষের দরজা বন্ধ করে তারা মারধর করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। অভিযুক্ত তিন কর্মকর্তা হলেন- চিকিৎসা কেন্দ্রের শাখা কর্মকর্তা রিপন হাসান, ফলিত খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগের শাখা কর্মকর্তা হারুনুর রশিদ ও সহকারী রেজিস্ট্রার জামাল হোসেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর দেড়টার দিকে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রভাষক আলমগীর হোসেনের কাছে ওই বিভাগের ভর্তি পরীক্ষার ফল জানতে আসেন হারুন। এরপর তাদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে ওই বিভাগের আরেক শিক্ষক সাদেক আলী হারুনের আচরণের প্রতিবাদ করেন। পরে হারুন আরো দুই কর্মকর্তাকে ডেকে নিয়ে এসে দুই শিক্ষককে একটি কক্ষে ঢুকিয়ে মারধর করেন। শিক্ষক আলমগীর হোসেন সাংবাদিকদের বলেন, হারুন ভর্তি পরীক্ষার ফল জানতে এসে তাকে 'তুমি' বলে সম্বোধন করেন। তিনি 'তুমি' বলতে বারণ করলে হারুন অসৌজন্যমূলক আচরণ করেন। এর প্রতিবাদ করায় হারুন আরো দুজনকে ডেকে এনে তাদের লাঞ্ছিত করেন। এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক কামাল উদ্দিন বলেন, "একজন শিক্ষক হিসেবে আমি মনে করি তারা আমার গায়েও হাত দিয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।" এ ব্যাপারে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক ড. এস এম রেজওয়ান এই ঘটনায় নিন্দা জানিয়েছেন। অভিযুক্ত হারুন দুই শিক্ষককে লাঞ্ছিত করার বিষয়টি স্বীকার করেছেন। তিনি দাবি করেন, শিক্ষকরা তাদের সঙ্গে তুই-তুকারি করায় এই ঘটনা ঘটিয়েছেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৮ ঘ.