গাজীপুর, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈরে একটি কলেজ মাঠে ক্রিকেট খেলার অনুমতি না পেয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষকে তালা আটকে মহাসড়ক অবরোধ করেছে।
মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার বঙ্গবন্ধু ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে।
এর আগে তারা কলেজের অধ্যক্ষ মো. জসিম উদ্দিনকে তার কক্ষে তালা দিয়ে আটক করে। এ সময় তারা কলেজের কয়েকটি কক্ষে ভাংচুর করে।
পরে কলেজের পরিচালনা পর্ষদের সদস্যরা পুলিশের সহায়তায় সোয়া ১২টার দিকে অধ্যক্ষকে উদ্ধার করে। বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ মহাসড়ক থেকে ছাত্রদের সরিয়ে দেয়।
কালিয়াকৈর থানার ওসি আমির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বেলা সাড়ে ১১টার দিকে কিছু শিক্ষার্থী অধ্যক্ষের কাছে কলেজ মাঠে ক্রিকেট খেলার অনুমতি চায়।"
অনুমতি না দেওয়ায় শিক্ষার্থীরা কলেজ পাঠাগার সমৃদ্ধকরা ও খেলাধুলার সামগ্রীসহ বিভিন্ন দাবিতে অধ্যক্ষের অপসারণ চেয়ে বিক্ষোভ শুরু করে বলে জানান তিনি।
তিনি বলেন, "পরে তারা কলেজের অধ্যক্ষকে তালা আটকে মহাসড়ক অবরোধ করে।"
অধ্যক্ষ মো. জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কলেজে ডিগ্রী পরীক্ষা থাকায় শিক্ষার্থীদের ক্রিকেট খেলার অনুমতি দেয়া হয়নি।"
এতে ছাত্রদের সঙ্গে কিছু রহিরাগত যুবক ভাংচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছে বলে তিনি অভিযোগ করেন।
দুপুর ১টার দিকে কলেজের অধ্যক্ষসহ পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, মো. শাহজাহান মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এ বিষয়ে বৈঠক হয়।
বৈঠক শেষে সাত দিনের মধ্যে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে শিক্ষার্থীরা চলে যায়।
বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমআই/১৬২৮ ঘ.
bdnews24