রাজশাহী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে মারধরের প্রতিবাদে শিক্ষার্থীদের অবরোধের কারণে মঙ্গলবার ঢাকা-রাজশাহী সড়কে গাড়ি চলাচল আধা ঘণ্টা বন্ধ ছিলো।
বেলা সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সড়কে অবস্থান নেয়। পরে রাবি প্রক্টরিয়াল বডির সদস্যরা বিক্ষুব্ধ ছাত্রদের শান্ত করে ক্যাম্পাসে ফিরিয়ে নেন।
ভাড়া নিয়ে বচসার এক পর্যায়ে শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের তৃতীয় সেমিস্টারের ছাত্র আমজাদ হোসেনকে নগরীর তালাইমারী এলাকায় ব্যাটারিচালিত অটো রিকশার এক চালক মারধর করে।
সে ঘটনার বিচার দাবিতেই সড়ক অবরোধ করা হয় বলে শিক্ষার্থীরা জানিয়েছেন।
অন্যদিকে রাবি শিক্ষার্থীদের অবরোধের খবর পেয়ে অটো রিকশাালকরা তালাইমারী এলাকায় পাল্টা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের হটিয়ে দেয়।
মতিহার থানার ওসি আবুল খায়ের সাংবাদিকদের জানান, শিক্ষার্থীকে মারধরের অভিযোগে অটো রিকশাচালক কটু মিয়াকে আটক করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬২০ ঘ.
bdnews24